August 15, 2026, 2:56 am

ব্যাংকিং ও অন্যান্য ক্ষেত্রে সাইবার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

ব্যাংকিং ও অন্যান্য ক্ষেত্রে সাইবার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

বাংলাদেশের ব্যাংকগুলো ক্রমেই ডিজিটাল ব্যাংকিংয়ের দিকে এগুচ্ছে। এ খাতসহ অন্যান্য ক্ষেত্রে সাইবার নিরাপত্তা বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১২ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ দুই-তিনটি বিষয়ে (নির্ধারিত আলোচ্যসূচির বাইরে) আলোচনা হয়েছে। এরমধ্যে একটি সাইবার সিকিউরিটির বিষয়। এখানে আরও জোর দিতে বলা হয়েছে।

হঠাৎ করে সাইবার নিরাপত্তা বাড়ানোর বিষয়ে তৎপরতা কেন? কোনো বিশেষ কারণ আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিশেষ কোনো কারণ নয়। আমরা গত দুই-তিন বছর থেকেই সাইবার নিরাপত্তার বিষয়টি দেখছিলাম। এক্ষেত্রে আরও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার জন্য, যাতে কোনোভাবেই ওয়েবসাইট হ্যাক করা না যায়।

‘আমি সম্প্রতি আমেরিকায় ছিলাম। ওখানেও দেখলাম দুই-তিনটি বড় বড় অফিসে হ্যাকিং হয়েছে। সেজন্য নিরাপত্তার স্বার্থে আমাদের আরও বেশি সচেতন হওয়া দরকার। কারণ, আমরা এখন আস্তে আস্তে ডিজিটাল ব্যাংকিংয়ের দিকে যাচ্ছি। সাইবার সিকিউরিটি তো জেনারেল একটি কনসেপ্ট’- বলেন মন্ত্রিপরিষদ সচিব।

এছাড়া ন্যাশনাল ডাটা সেন্টার ও সাবমেরিন ক্যাবলের নিরাপত্তা ইস্যুতেও নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের ন্যাশনাল ডাটা সেন্টারের সিকিউরিটির বিষয়ে আরেকটু স্ট্রংলি দেখতে বলা হয়েছে। সাবমেরিন ক্যাবলের পরে আরেকটি ক্যাবল অনুমোদন করা হয়েছে, সেগুলো যেন আরও দ্রুত কাজ করা হয় সেজন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com