October 13, 2026, 6:44 am

রিজার্ভ আছে ২৬ বিলিয়ন, চলবে ৬ মাস

রিজার্ভ আছে ২৬ বিলিয়ন, চলবে ৬ মাস

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, দেশের রিজার্ভ নিয়ে ভয়ের কিছু নেই। আইএমএফের ঋণসহ দেশে রিজার্ভ আছে ২৬ বিলিয়ন ডলার, যা দিয়ে চলবে ৬ মাস।

শনিবার (২৬ নভেম্বর) মেহেরপুরের মুজিবনগরে আইএফআইসি ব্যাংকের ১০০০তম উপশাখা উদ্বোধনের আগে তিনি এসব কথা বলেন।

শুরুতেই তিনি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

এরপর মুজিবনগরে আইএফআইসি ব্যাংকের ১০০০তম উপশাখা উদ্বোধন করেন ব্যাংকটির চেয়ারম্যান সালমান এফ রহমান।

এসময় দেশের ব্যাংকগুলো দেউলিয়া হবে, এমন গুজব তুলে একশ্রেণির লোক জনগণের টাকা ঘরে এনে চুরি করতে চায় বলেও মন্তব্য করেন সালমান এফ রহমান। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কোনো ধরনের সংকট নেই, খোদ ঋণ দিতে এসে ঢাকাতেই বাংলাদেশের প্রশংসা করেছেন আইএমএফ প্রতিনিধি। এমনকি ঋণ দেওয়ার জন্য বাংলাদেশকে কোনো শর্তও দেয়নি প্রতিষ্ঠানটি।

তিনি জানান, জানুয়ারি থেকে দেশে ডলার সংকট কাটবে। রমজানে দ্রব্যমূল্য নিয়ে ভোগান্তি কমবে বলেও প্রত্যাশা তার।

আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান বলেন, এই ব্যাংকে নারী উদ্যোক্তা ও ছোট-মাঝারি উদ্যোক্তাদের জন্য ঋণের ব্যবস্থা রয়েছে। আইএফআইসির মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, হুন্ডি নয় বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সালমান এফ রহমান বলেন, নির্বাচন সংবিধান অনুসরণ করেই হবে। সরকার পরিবর্তন হবে নির্বাচনের মাধ্যমেই। কেউ নির্বাচনে না আসলে আওয়ামী লীগের কিছু করার নেই।

স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আধুনিক ব্যাংকিং সেবার অনন্য উদাহারণ আইএফআইসি ব্যাংক। খুব শিগগিরই মুজিবনগর দিয়ে ভারতের সঙ্গে স্থলবন্দর চালু হবে। মেহেরপুরের কৃষিকে এগিয়ে নিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com