November 2, 2026, 6:34 am
সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবারও (৩০ আগস্ট) ব্যাংক-বিমা খাতের কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে এদিন ঘুরে দাঁড়িয়েছে প্রকৌশল, আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ ও জ্বালানি এবং ওষুধ ও রসায়ন খাতের শেয়ারে। ফলে এদিনও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ২৪ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৬৯ পয়েন্ট।
ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার বাজারে ৪৭ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ২৪০টি শেয়ার কেনাবেচা হয়েছে। যার মূল্য ১ হাজার ৭৬৯ কোটি ৩০ লাখ ৫৮ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৪৪ কোটি ৮৭ লাখ ৭৯ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন সামান্য বেড়েছে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮০টি কোম্পানির শেয়ার। এর মধ্যে ১৮৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৩টির, আর অপরিবর্তিত রয়েছে ৭৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।
অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ার দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক ২ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর রয়েছে- ওরিয়ন ফার্মা, মালেক স্পিনিং, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, ইস্টার্ন হাউজিং, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে ৩০৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯৭টির ও অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে লেনদেন হয়েছে ৪২ কোটি ৮৪ লাখ ৯৫ হাজার ৮৪৮ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪২ কোটি ২ লাখ ৫৮ হাজার ১০৫ টাকার শেয়ার।