October 16, 2026, 8:06 am

ফজলে রাব্বী মিয়া রাজনীতিতে ভালো মানুষ ছিলেন: কাদের

ফজলে রাব্বী মিয়া রাজনীতিতে ভালো মানুষ ছিলেন: কাদের

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া রাজনীতিতে একজন ভালো মানুষ, একজন ভালো নেতা ছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, রাজনীতিতে সৎ মানুষের অনেক দাম। আজ সোমবার (২৫ জুলাই) জাতীয় ঈদগাহে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার প্রথম জানাজা শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, অ্যাডভোকেট ফজলে রাব্বী কি মানুষ ছিলেন, কতটা ভালো মানুষ ছিলেন, কতটা তিনি জনপ্রিয় ছিলেন সেটা নতুন করে ব্যাখ্যা করে বলার কিছু নেই। একটি নির্বাচনী এলাকা থেকে পরপর সাতবার তিনি নির্বাচিত হন। এতেই বোঝা যায় তার জনপ্রিয়তা ছিল খুবই তুঙ্গে। মন্ত্রী বলেন, ফজলে রাব্বী অত্যন্ত বিনয়ী, সদালাপী, নির্লোভ, নিরহংকারী মানুষ ছিলেন। সবমিলিয়ে রাজনীতিতে ছিলেন একজন ভালো মানুষ, একজন ভালো নেতা। তিনি ছিলেন বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি অত্যন্ত অনুগত। ওনার মতো এমন নেতা আমাদের মধ্য থেকে চিরতরে চলে যাওয়াটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রাজনীতিতে সৎ মানুষের অনেক দাম। আমরা ফজলে রাব্বীর মূল্যবোধকে ধারণ করতে চাই। নির্লোভ-নিরহংকার এক কথায় ভালো মানুষ। ফজলে রাব্বী চলে গেলেন, রাজনীতি একজন ভালো মানুষকে চিরবিদায় দিল।

জানাজার আগে মুক্তিযোদ্ধা হিসেবে অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার মরদেহে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট বার সভাপতি মমতাজ উদ্দিন ফকির। জানাজার পর ফজলে রাব্বী মিয়ার জাতীয় পতাকায় মোড়ানো কফিনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, আওয়ামী লীগ, বিরোধী দল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত ২টার দিকে (নিউইয়র্ক সময় বিকেল ৪টা) যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফজলে রাব্বী মিয়া। ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ফজলে রাব্বী মিয়া ১৯৪৬ সালের ১৫ এপ্রিল গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ফয়জার রহমান এবং মায়ের নাম হামিদুন নেছা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com