October 16, 2026, 7:19 am
গণতন্ত্রকে ও গণতান্ত্রিক চেতনাকে বাঁচিয়ে রাখতে ভোটারদেরকে ভোটকেন্দ্রে আসতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
রোববার (২৪ জুলাই) নির্বাচন ভবনে আয়োজিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সঙ্গে আয়োজিত সংলাপে তিনি এমন মন্তব্য করেন। সংলাপে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট এম আবু নাছের তালুকদারের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল, চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, আমাদের কি কি ক্ষমতা আছে, এগুলো আমরা দেখছি। আপনাদের আশ্বস্ত করতে চাই যে ক্ষমতা আমাদের আছে, তার মধ্যেই দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্ব পালন করার জন্য অপ্রাণ চেষ্টা করব।
হাবিবুল আউয়াল বলেন, আমরাও দেখেছি ভোটাররা নিরুৎসাহিত হয়ে পড়েছে। গণতন্ত্রকে যদি বাঁচিয়ে রাখতে হয়, গণতান্ত্রিক চেতনাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, যারা ভোটার তাদেরকে ভোটকেন্দ্রে আসতে হবে। আর যদি ওনারা ভোটকেন্দ্রে না আসেন, তাহলে বোঝা যাবে গণতন্ত্রের অসুস্থতা রয়েছে। এটা আপনাদের সঙ্গে আমি একমত। কারণ আমাদের সংবিধানে বলা হয়েছে প্রজাতন্ত্রের শাসন। প্রজারা সরাসরি শাসন করে না, তারা তাদের প্রতিনিধির মাধ্যমে করে।
তিনি আরও বলেন, আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আমরা আইন ও বিধির আলোকেই ক্ষমতা প্রয়োগ করব। আমরা শাসনতান্ত্রিকভাবে দেখব। অবাধ, উৎসমুখব নির্বাচনের চেষ্টা চালাব। সবাইকে আহ্বান জানাব, সে লক্ষ্যে আমাদের যে দায়িত্ব রয়েছে কেবল তার ওপর নির্ভর করলে ভয়ঙ্কর হবে। আপনাদের যে দায়িত্ব রয়েছে সমবেতভাবে সেই আরাধ্য কাজটা অর্জন করার চেষ্টা করতে হবে। তাহলে আমরাও শক্তি পাব। আমরা ভোটারদের ভোটাধিকারের মাত্রা পুরোপুরি দিতে পারব।