August 19, 2026, 10:49 am
শেয়ারবাজারে এসএমই প্লাটফর্ম থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া কৃষিবিদ সিডের কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) আবেদন গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির কিউআইও আবেদন গ্রহণ আগামী ২০ মার্চ থেকে শুরু হবে। এ আবেদন গ্রহণ চলবে ২৪ মার্চ পর্যন্ত।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ৩১ জানুয়ারি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮০৯তম সভায় স্মলক্যাপ কোম্পানিটিকে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন দেয়া হয়।
কোম্পানিটি কিউআইও’র মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি ১৬ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১১ কোটি ৬০ লাখ টাকা সংগ্রহ করবে। সংগ্রহীত অর্থ দিয়ে কোম্পানিটি কোল্ড স্টোরেজ, স্টোরেজ বিল্ডিং, বীজ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত (জুলাই-সেপ্টেম্বর, ২০২১) সমাপ্ত তিন মাসের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬০ টাকা এবং পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৬০ টাকা।
এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। আর কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট।