June 27, 2026, 9:26 pm
যারা সঞ্চয়ের ওপর নির্ভরশীল তাদের জন্য মিউচ্যুয়াল ফান্ডকে আরো আকর্ষণীয় করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
তিনি বলেন, মিউচ্যুয়াল ফান্ডে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। বিনিয়োগ এখন অনেক বেড়ে গেছে। মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করে যেহেতু এখন ১০ শতাংশের বেশি রিটার্ন পাওয়া যাচ্ছে, ফলে যারা এফডিআর করতেন তারাও মিউচ্যুয়াল ফান্ডে আকর্ষিত হচ্ছেন। এই ধারা ধরে রাখতে পারলে আগামী এক থেকে দেড় বছর পরে বেশ উন্নত পুঁজিবাজার দেখতে পাবেন।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) এক দৈনিক পত্রিকার অনলাইন আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আলোচনার বিষয় ছিলো, ‘ধসে পড়া পুঁজিবাজার: উত্তরণে উদ্ভাবনী উদ্যোগ’।
বিএসইসি চেয়ারম্যান বলেন, বন্ড এখন বেশ জনপ্রিয়। ব্যাংকের স্থায়ী (পারপিচ্যুয়াল) এবং সাবঅর্ডিনেন্ট বন্ড সাড়ে তিন হাজার দিয়ে দিয়েছি। এগুলো তালিকাভুক্ত হবে বলে আমরা সামনে ব্যবস্থা নিচ্ছি। সেইসাথে এই মাসেই সিটি ব্যাংকের ৩০০ কোটি টাকার জিরো কুপন বন্ড আসছে। এছাড়াও স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের ৮৫০ কোটি টাকার জিরো কুপন বন্ড বিনিয়োগকারীদের জন্য ওপেন হচ্ছে। সিটি ব্যাংকের তো ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে।
তিনি বলেন, জিরো কুপন বন্ডে অন্যান্যরাও এগিয়ে আসছে। প্রত্যেকটি বন্ডেই ভালো সাবস্ক্রিপশন হচ্ছে। এফডিআরের রেট কমে আসায় সবাই এখন বন্ডের রিটার্নের প্রতি আকর্ষিত হচ্ছে। এভাবেই মানুষ আসলে পুঁজিবাজারের প্রতি আকর্ষিত হচ্ছে।