October 15, 2026, 11:31 pm

ইসি গঠনে ১২-১৩ জনের নাম বাছাই করেছে সার্চ কমিটি

ইসি গঠনে ১২-১৩ জনের নাম বাছাই করেছে সার্চ কমিটি

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য ১২-১৩ জনের নাম বাছাই করেছে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি। ২২ ফেব্রুয়ারি পরবর্তী বৈঠক করে এদের মধ্যে ১০ জনের নাম চূড়ান্ত করবেন তারা। পরে ২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে সে তালিকা জমা দেওয়া হবে।

রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে এ তথ্য জানান কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

চূড়ান্ত করা নামের তালিকা প্রকাশ করা হবে কি না- এ প্রশ্নে বিচারপতি ওবায়দুল হাসান বলেন, নাম প্রকাশে আমরা বাধ্য নই।

সার্চ কমিটির প্রধান বলেন, নতুন আইনের অধীনে সার্চ কমিটি হওয়ার পর আমরা নিজেদের মধ্যে মোট ছয়টি বৈঠক করেছি। আর সুশীল সমাজের সঙ্গে চারটি বৈঠক করেছি। আগামী ২২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে চারটায় নিজেদের মধ্যে আরেকটি বৈঠক বাকি আছে। সেই বৈঠকের পর আশা রাখছি, আপাতত আমরা আমাদের কাজ শেষ করতে পারবো।

তিনি বলেন, এই কমিটিতে আমার সঙ্গে আরও পাঁচ সহকর্মী আছেন। বৈঠক করে আমরা ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করেছিলাম। তারপর বিশিষ্ট সাংবাদিকরা কথা বলতে আগ্রহ প্রকাশ করায় আমরা তাদের সঙ্গেও কথা বলেছি। তারাও কিছু নাম দিয়ে গিয়েছিলেন। আমরা নাম দেওয়ার সময় বাড়িয়েছিলাম। একটি কথা বলেছিলাম, এরপরও কেউ নাম পাঠালে আমরা বিবেচনায় নিবো। সময় বর্ধিত করার পর কিছু রাজনৈতিক দল নাম পাঠিয়েছিল। সব নাম বিবেচনায় নিয়ে আমাদের পঞ্চম সভায় ২০ জনের নাম চূড়ান্ত করেছিলাম। তবে আজকের বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করতে পারিনি। কাছাকাছি এসেছি। আমরা ১২-১৩টি নামের মধ্যে আবার ১০ জনকে খুঁজে বেড়াচ্ছি। আশা করি, আগামী ২২ ফেব্রুয়ারি আমরা সর্বশেষ বৈঠক করে নামের তালিকা চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে তা পাঠিয়ে দিবো।

উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দীর্ঘদিন আমাদের সঙ্গে ছিলেন। নিয়মিত নিউজ করেছেন। এর মাধ্যমে মানুষও অনেককিছু জানতে পেরেছে। আমরা চেষ্টা করেছি, আইনে যতটুকু কুলায় ততটুকু করতে। আমাদের আইনে বলা আছে, ১৫ কার্যদিবসের মধ্যে আমাদেরকে রিপোর্ট দিতে হবে। সেই কার্যদিবস আগামী ২৭ ফেব্রুয়ারি শেষ হবে। তবে আমরা তার আগেই আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে আশা করছি সে তালিকা রাষ্ট্রপতির কাছে পৌঁছাতে পারবো।

এক প্রশ্নের জবাবে বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আইনত আমাদের কাজ নাম সুপারিশ করা। আমরা তাই করবো। তালিকা দেওয়া পর রাষ্ট্রপতি বললে তখন আমরা নাম প্রকাশ করতে পারবো। নয়তো তিনিই নামগুলো প্রকাশ করবেন। একমাত্র তার অনুমতি ছাড়া নামগুলো প্রকাশ করার সুযোগ আমাদের নেই।

প্রস্তাবিত নামের বাইরে সার্চ কমিটি অন্য কোনো নাম যুক্ত করবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের এখতিয়ার আছে। তবে আমরা সেটি করতে চাই না।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com