October 14, 2026, 8:20 am
বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে ৭৫ মিলিয়ন ডলার বা ৬৪৫ কোটি টাকা ( প্রতি ডলার ৮৬ টাকা ধরে) ঋণ দিচ্ছে ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফআইডি)। অর্থনীতি পুনরুদ্ধারে নেয়া সরকারের ‘সাসটেইনেবল ইকোনমিক রিকভারি প্রোগ্রাম (এসইআরপি)’ কর্মসূচির আওতায় এই ঋণ দেবে মধ্যপ্রাচ্যের তেল উত্তোলনকারী দেশগুলোর সংগঠন ওপেক।
এ বিষয়ে সোমবার ওপেক ফান্ডের সঙ্গে ঋণ চুক্তি স্বাক্ষর করেছে সরকার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং ওপেক ফান্ডের মহাপরিচালক আবদুল হামিদ আল খলিফা ভার্চুয়াল মাধ্যমে চু্ক্তিতে স্বাক্ষর করেন।
ইআরডি জানিয়েছে, বাজেট সহায়তার আওতায় এ ঋণ সরকার নিজেদের চাহিদামতো যে কোনো উন্নয়ন কাজে ব্যয় করতে পারবে। বিশেষ করে করোনা মহামারি থেকে উত্তরণে নেয়া সরকারের বিভিন্ন কর্মসূচিতে এ অর্থ ব্যয় হবে। এর মধ্যে রয়েছে কারোনাকালীন জরুরি ব্যয় নির্বাহ, কর্মসংস্থান ও আয় বর্ধক কর্মসূচি। এর অংশ হিসেবে কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের ঘুরে দাঁড়াতে ঋণদানে এ অর্থ খরচ করবে সরকার।
২০ বছর মেয়াদি এ ঋণে ৫ বছরের গ্রেস পিরিয়ড পাবে বাংলাদেশ। এ ঋণের বার্ষিক সুদের হার হবে ১ দশমিক ৩৫ শতাংশ। এর সঙ্গে দশমিক ২৫ শতাংশ কমিটমেন্ট চার্জ ও দশমিক ২৫ শতাংশ ফ্রন্ট-এন্ড ফি দিতে হবে।
ওএফআইডি বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। সড়ক ও জ্বালানিসহ বিভিন্ন খাতে ঋণ সহায়তা দিচ্ছে এই ফান্ড।