July 28, 2026, 12:01 pm

বর্ডার হাট দুই দেশের মেলবন্ধন: বাণিজ্যমন্ত্রী

বর্ডার হাট দুই দেশের মেলবন্ধন: বাণিজ্যমন্ত্রী

বর্ডার হাট বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে মেলবন্ধন সৃষ্টি করে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্তের কুরমাঘাট এবং ত্রিপুরার কমলপুর এলাকায় বর্ডার হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বর্ডার হাট চালু হলে এলাকার ব্যবসায়ীরা লাভবান হবেন, সেই সঙ্গে দুই দেশের মানুষের মধ্যে মেলবন্ধনের সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই চান ভারত ও বাংলাদেশের মানুষের যোগাযোগ। এ হাটে ভারতের পণ্যসামগ্রী এ দেশের মানুষ সহজে কিনতে পারবেন, আবার এ দেশের পণ্যসামগ্রীও তারা নিতে পারবেন।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, শিল্প ও বাণিজ্যমন্ত্রী মনোজ কান্তি দেব, বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ আবদুস শহীদ, ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জেশওয়াল, মৌলভীবাজারের জেলা প্রসাশক মীর নাহিদ আহসান ও পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশে বেশ কয়েকটি সীমান্ত হাট হয়েছে। আরও ছয়টি স্থাপনের প্রক্রিয়া চলছে। আমরা ভারতের আরও কাছাকাছি যেতে চাই। বিশেষ তালিকার পণ্যসামগ্রী এসব হাটে পাওয়া যাবে।’

ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব বলেন, ‘বর্ডার হাটের মাধ্যমে বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব আরও দৃঢ় হবে। আজকের দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি।’

বর্ডার হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ত্রিপুরার কমলপুরে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ১৮ সদস্যের প্রতিনিধি দল আলোচনা সভায় যোগ দেয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com