August 18, 2026, 5:26 pm

জেএমআই হসপিটালের আইপিওর আবেদন শুরু ২৭ ফেব্রুয়ারি

জেএমআই হসপিটালের আইপিওর আবেদন শুরু ২৭ ফেব্রুয়ারি

পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বিনিয়োগকারীদের আবেদন গ্রহণ ২৭ ফেব্রুয়ারি শুরু করবে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

ওইদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে আবেদন গ্রহণ চলবে ৩ মার্চ বিকেল ৫টা পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্রোকার হাউজগুলোর মাধ্যমে আবেদন করতে পারবেন সাধারণ বিনিয়োগকারীরা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য মতে, বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পাওয়া জেএমআই হসপিটালের শেয়ারের কাট-অফ প্রাইস নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা। গত ৯ জানুয়ারি বিকেল ৫টা থেকে ১২ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত বিডিং (নিলাম) অনুষ্ঠিত হয়।

এতে যোগ্য বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ করা ১৮ কোটি ৭৫ লাখ টাকার বিপরীতে ১৩৯ কোটি ৭৯ লাখ ২১ হাজার ৪০০ টাকার দর প্রস্তাব করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিটি শেয়ারে ২৫ টাকা করে ১৩৭ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার টাকার দর প্রস্তাব জমা পড়েছে। যাতে কোম্পানির কাট-অফ প্রাইস ২৫ টাকা নির্ধারিত হয়েছে।

জেএমআই হসপিটালের বিডিংয়ে ৩৮৫ যোগ্য বিনিয়োগকারী দর প্রস্তাব করেন। এর মধ্যে একজন সর্বনিম্ন ১৬ টাকা করে দর প্রস্তাব করেছেন। এছাড়া দুই জন ২২ টাকা করে, দুই জন ২৩ টাকা করে ও একজন ২৪ টাকা করে দর প্রস্তাব করেছেন।

গত ১৬ নভেম্বর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৭৯৯তম নিয়মিত কমিশন সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেয়।

বিনিয়োগকারীদের থেকে উত্তোলিত টাকা জমি ও মেশিনারিজ কেনার পাশাপাশি ভবন তৈরি ও ঋণ পরিশোধ ইত্যাদি কাজে ব্যবহার করবে জেএমআই হসপিটাল।

কোম্পানিটির ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন ছাড়া নেট অ্যাসেটভ্যালু দাঁড়িয়েছে ২৭ দশমিক ৭৮ টাকায় এবং পুনঃমূল্যায়নসহ নেট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ২৯ দশমিক ৯৯ টাকায়। বিগত পাঁচ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ দশমিক ৪২ টাকা।

এ টাকা উত্তোলনের কাজে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com