July 26, 2026, 8:12 pm

রেমিট্যান্সের নগদ সহায়তার আওতা বাড়ল

রেমিট্যান্সের নগদ সহায়তার আওতা বাড়ল

বিদেশি সংস্থায় কাজ করেছেন এমন ব্যক্তিদের ওইসব প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত পেনশন ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, লিভ সেলারি, বোনাস ও অন্যান্য গ্র্যাচুইটি এবং অবসর সুবিধার অর্থ দেশে এলে রেমিট্যান্স হিসেবে আড়াই শতাংশ নগদ সহায়তা পাবেন।

রেমিট্যান্স বাড়াতে নগদ সহায়তার আওতা বাড়িয়ে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নতুন এ নির্দেশনায় বলা হয়েছে, প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক আয় বৈধ উপায়ে দেশে পাঠাতে উৎসাহিত করার লক্ষ্যে বিদ্যমান হারে রেমিট্যান্স প্রণোদনা বা নগদ সহায়তা দেওয়ার জন্য কয়েকটি খাত যুক্ত করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- পেনশন ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, লিভ সেলারি, বোনাস ও অন্যান্য গ্র্যাচুইটি এবং অবসর সুবিধা।

নির্দেশনায় আরও বলা হয়েছে, রেমিট অর্থের আয়ের উৎস সম্পর্কে নিশ্চিত হতে হবে এবং আহরণের সঙ্গে সঙ্গে আবশ্যিকভাবে টাকায় রূপান্তর করতে হবে। এ নির্দেশনা সার্কুলার জারির তারিখ থেকে কার্যকর হবে। এছাড়াও রেমিট্যান্স পাঠানোর বিপরীতে প্রণোদনা ও নগদ সহায়তা সংক্রান্ত আগের ইস্যু করা নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

চলতি অর্থবছরের (২০২১-২০২২) প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এক হাজার ২৩ কোটি ডলার প্রবাসী আয় এসেছে দেশে। যা তার আগের অর্থবছরের (২০২০-২০২১) একই সময় ছিল এক হাজার ২৯৪ কোটি ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রেমিট্যান্স কমেছে ২৭১ কোটি ডলার।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com