October 14, 2026, 1:09 am

খেলাপি না করার বিশেষ সুবিধা জুন পর্যন্ত চান ব্যবসায়ীরা

খেলাপি না করার বিশেষ সুবিধা জুন পর্যন্ত চান ব্যবসায়ীরা

করোনা মহামারিতে অর্থনৈতিক কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক না হওয়ায়, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখনো ভয়াবহ অবস্থা পার করছেন। তাই ঋণ শ্রেণিকরণ (খেলাপি) সুবিধা ২০২২ সালের জুন পর্যন্ত বাড়াতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংঠন এফবিসিসিআই।

রোববার (২৬ ডিসেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত এফবিসিসিআই’র বার্ষিক সাধারণ সভায় এ কথা জানান এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

তিনি বলেন, ঋণ শ্রেণিকরণের মেয়াদ বাড়ালে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি আসবে এবং অর্থনৈতিক পুনরুদ্ধার দ্রুত সম্ভব হবে। তাই বাংলাদেশ ব্যাংককে যত দ্রুত সম্ভব ঋণ শ্রেণিকরণ সুবিধার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত ঘোষণা দেওয়ার আহ্বান জানান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের এ নেতা।

বার্ষিক সাধারণ সভায় এফবিসিসিআই সভাপতি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি তাড়াহুড়ো করে নতুন আয়কর আইন চূড়ান্ত না করার আহ্বান জানানো হয়েছে। যেহেতু বর্তমানে একটি আয়কর আইন প্রযোজ্য রয়েছে, তাই এফবিসিসিআইসহ সব সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন আইন প্রণয়ন করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে বেশকিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বাংলাদেশকে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা ও উন্নয়নশীল দেশের সম্ভাবনাকে কাজে লাগাতে দেশের সবখাতের ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করতে হবে, বলেন এফবিসিসিআই সভাপতি।

এফবিসিসিআই সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সভায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি এম এ মোমেন, মো. আমিনুল হক শামীম, মো. আমিন হেলালী, সালাহউদ্দীন আলমগীর, মো. হাবীব উল্লাহ ডন ও এম. এ. রাজ্জাক খান রাজ এবং পরিচালকরা উপস্থিত ছিলেন।

এফবিসিসিআই’র সাধারণ পরিষদের সদস্যদের উপস্থিতিতে সভায় ২০১৯-২০২০ বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষা প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com