July 28, 2026, 7:56 pm

সরকারি বেতন-ভাতা পরিশোধে চালু হলো জিইটিপিএইচ সফটওয়্যার

সরকারি বেতন-ভাতা পরিশোধে চালু হলো জিইটিপিএইচ সফটওয়্যার

সরকারি বেতন-ভাতা পরিশোধে গভর্নমেন্ট ই-ট্রানজেকশন প্রসেসিং হাব (জিইটিপিএইচ) সফটওয়্যারের উদ্বোধন করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। সোমবার (২০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক।

এর ফলে এখন থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন, মুক্তিযোদ্ধা ভাতা, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিধবা, বয়স্ক, পঙ্গুত্ব, প্রতিবন্ধী ভাতা, বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিল, সঞ্চয়পত্রের মুনাফা ও মূলধন, শিক্ষার্থীদের বৃত্তি ও উপবৃত্তির অর্থ ইএফসির মাধ্যমে জিটুজি পদ্ধতিতে সরাসরি স্ব-স্ব হিসাবে জমা করা যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক সবসময় যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলে। অটোমেশনের মাধ্যমে ‘সরকারি ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ’ কর্মসূচিকে আরও বেগবান করতে গভর্নমেন্ট ই-ট্রানজেকশন প্রসেসিং সফটওয়্যারটি যুগান্তকারী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার বলেন, ২০০৮ সালে প্রধানমন্ত্রী ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ে তোলার ঘোষণা দেন। সরকারি বিভিন্ন সেবা স্বল্পসময়ে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়াই হলো ডিজিটাল বাংলাদেশের অন্যতম লক্ষ্য। আগে বয়স্কভাতা, বিধবাভাতা পৌঁছাতে তিন থেকে ছয় মাস সময় লাগতো। কিন্তু ইএফটির মাধ্যমে এখন তা মুহূর্তে পৌঁছে যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের নতুন এ সফটওয়্যারটির মাধ্যমে এ সেবা এখন আরও দ্রুত হবে। ফলে সময় যেমন বাঁচবে একই সঙ্গে সরকারের খরচও কমবে। যেহেতু বাংলাদেশ ব্যাংক সরকারের পেমেন্ট গেটওয়ে, তাই প্রতিষ্ঠানটি অটোমেশন ও ডিজিটালাইজেশনের মাধ্যমে সরকারের ব্যয় হ্রাস করার কৃতিত্বের অন্যতম দাবিদার।

অনুষ্ঠানের সভাপতি ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতি সরকারের অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। বর্তমান সময়ে এ সমন্বয় সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। বাংলাদেশ ব্যাংক নিজস্ব লোকবল দ্বারা উদ্ভাবিত ১২৯টি সফটওয়্যারের মধ্যে ১২৪টি বর্তমানে কার্যকর রয়েছে। তৃতীয় পক্ষ থেকে কেনা ১০টি সফটওয়্যারের বিকল্প নিয়েও বাংলাদেশ ব্যাংকের আইটি টিম কাজ করছে। সর্বোপরি আর্থিক খাতের আধুনিকায়নের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের জিইটিপিএইচ সফটওয়্যারের সরকারি ব্যয় ব্যবস্থাপনাকে সুষ্ঠু ও সুচারুরূপে পরিচালনার জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা জাতীয় পর্যায়ে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার অক্ষুণ্ন রেখেছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com