October 15, 2026, 2:35 am

জাপানি দুই শিশু কার কাছে থাকবে জানা যাবে ১৫ ডিসেম্বর

জাপানি দুই শিশু কার কাছে থাকবে জানা যাবে ১৫ ডিসেম্বর

জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা বাংলাদেশি বাবা ইমরান শরীফের কাছে থাকবে নাকি মা নাকানো এরিকোর সঙ্গে জাপানে চলে যাবে এ বিষয়ে আগামী ১৫ ডিসেম্বর আদেশ দেবেন আপিল বিভাগ। আদেশ দেওয়ার আগ পর্যন্ত দুই মেয়ে জাপানি মায়ের কাছে থাকবে।

সোমবার (১৩ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন।

আদালতে জাপানি মায়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার আব্দুল কাইয়ুম।

এর আগে জাপানি দুই শিশু জেসমিন মালিকা, লাইলা লিনা ও তাদের বাবা মায়ের সঙ্গে আপিল বিভাগের বিচারপতিরা খাসকামরায় কথা বলেন।

এদিকে সোমবার সকালে জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে বেলা সাড়ে ১১টার মধ্যে আপিল বিভাগে হাজির করতে নির্দেশ দিয়েছিলেন আদালত। সকালে জাপানি মায়ের আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। শিশুদের বাংলাদেশি বাবা ইমরান শরীফকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।

আপিল বিভাগের আদেশ থাকা সত্ত্বেও দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে হস্তান্তর না করায় শিশুদের বাবা ইমরান শরীফের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন জাপানি মা নাকানো এরিকো। সোমবার (১৩ ডিসেম্বর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।

গতকাল দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে ১৩ ও ১৪ ডিসেম্বর জাপানি মায়ের জিম্মায় রাখতে নির্দেশ দেন আপিল বিভাগ। একইসঙ্গে ১৫ ডিসেম্বর দুই শিশুকে আদালতে নিয়ে আসতে বলা হয়।

আইনজীবী শিশির মনির বলেন, গতকাল রাত ১০টার মধ্যে দুই শিশুকে মায়ের জিম্মায় দিতে আপিল বিভাগের নির্দেশনা ছিল। শিশুদের আনতে গেলেও তাদের মায়ের জিম্মায় দেওয়া হয়নি। এ কারণে আমরা আদালত অবমাননার আবেদন করি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com