November 26, 2026, 10:53 pm

সখিপুরে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

সখিপুরে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

টাঙ্গাইলের সখিপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৮২তম শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, সখিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল ও সখিপুর পৌরসভা মেয়র মুক্তিযোদ্ধা মো. আবু হানিফ আজাদ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ময়মনসিংহ জোনপ্রধান বসির আহাম্মদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সখিপুর শাখাপ্রধান মুহাম্মদ রফিকুল ইসলাম।

গ্রাহক-শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন শিক্ষাবিদ রফিক-ই-রাসেল, মো. রেনুবর রহমান, মুসলিমা খাতুন, ব্যবসায়ী কৃষ্ণ কর্মকার ও সখিপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. খলিলুর রহমান।

ব্যাংকের সিইও মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, বিশ্বে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর অন্যতম একটি বাংলাদেশ। চলমান কোভিড-১৯ মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকার ১ দশমিক ৩৫ ট্রিলিয়ন টাকার ২৮টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, যার সর্বোচ্চ পরিমাণ বিনিয়োগ করেছে ইসলামী ব্যাংক। দেশের ১১ শতাধিক গার্মেন্টস ফ্যাক্টরি, এক হাজার টেক্সটাইল ফ্যাক্টরি ও ২৫ শতাধিক কৃষিশিল্প কারখানা ইসলামী ব্যাংকের প্রত্যক্ষ বিনিয়োগে গড়ে উঠেছে। পোশাক খাতে অগ্রণী ভূমিকা পালনের পাশাপাশি ইসলামী ব্যাংকের বিনিয়োগে পরিচালিত হচ্ছে দেশের সবচেয়ে বড় ডেনিম ইন্ডাস্ট্রি ও সুগার রিফাইনারি কারখানা।

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ এবং বিশ্বসেরা এক হাজার ব্যাংকের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে টানা ১০ বছর অবস্থান ধরে রেখেছে। ১ কোটি ৬০ লাখ গ্রাহকের এই ব্যাংকের আমানত ১ লাখ ৩৫ হাজার কোটি টাকার বেশি। বর্তমানে এই ব্যাংক ৩৮২টি শাখা, ২০৫টি উপশাখা, ২৬৬৫টি এজেন্ট আউটলেট এবং ২ হাজারের অধিক এটিএম ও সিআরএম মেশিনের মাধ্যমে গ্রাহকদের আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবা প্রদান করছে। ইসলামী ব্যাংকের অত্যাধুনিক প্রযুক্তিমান সম্পন্ন ব্যাংকিং সল্যুশন সেলফিন অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিং ও বিকল্প ব্যাংকিংসেবা গ্রহণ করে নিজেদের উন্নয়নের পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে অংশ নিতে সকলকে আহ্বান জানান তিনি।

পরে ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শাখার সিআরএম বুথ উদ্বোধন করা হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com