October 14, 2026, 9:51 pm

ভোটে বিশৃঙ্খলা করা মাস্তানদের গ্রেফতারে নির্দেশ সিইসির

ভোটে বিশৃঙ্খলা করা মাস্তানদের গ্রেফতারে নির্দেশ সিইসির

নির্বাচনে এলাকার যেসব মাস্তান বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে তাদের আগাম গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

তিনি বলেন, পাড়া-মহল্লায় পাহারা দিয়ে সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের পরিবেশ ভালো রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে।

বুধবার (২৪ নভেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে সংশ্লিষ্টদের নিয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, অনেকে গ্রেফতার হয়েছে। অনেককে গ্রেফতারের তৎপরতা চলছে। আমরা আগামী নির্বাচনগুলোর সহিংসতা রোধে আপ্রাণ চেষ্টা করছি। এজন্য আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে আজকের সভায়।

তিনি বলেন, সংসদ সদস্য ও মন্ত্রীরা আচরণবিধি অনুসরণ করেন। দু-চার জন মানছেন না বলে অভিযোগ এসেছে। তাদের চিঠি দেওয়া হয়েছে এলাকা ছাড়ার জন্য। প্রতিটি ঘটনা তদন্ত করা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘন করলে অতীতে মামলা করা হয়েছে, আগামীতেও প্রয়োজনে মামলা হবে।

সিইসি আরও বলেন, আগামী নির্বাচনে আমরা আপ্রাণ চেষ্টা করব নির্বাচনী সহিংসতা রোধ করার জন্য। তবে একটাও সহিংসতা হবে না, মারামারি হবে না এমন নিশ্চয়তা আমরা দিতে পারি না। আমরা চেষ্টা করব এগুলো নিয়ন্ত্রণ করতে। আচরণবিধি প্রতিপালনে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নজরদারি বাড়ানো ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com