August 25, 2026, 5:15 pm
আগামী সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিশুদিবস ও ৫ থেকে ১১ অক্টোবর শিশু অধিকার সপ্তাহ-২০২০ উদযাপন করা হবে। এবারের দিবসটির প্রতিপাদ্য করা হয়েছে ‘শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে’।
এছাড়া আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) ‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় কন্যা শিশুদিবস উদযাপন করা হবে। এ শিশু দিবস ও অধিকার সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিশ্ব শিশুদিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২০ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এ কথা জানান।
এ সময় বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদ ও প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার উপস্থিত ছিলেন।
সংবাদ সমেলনের শুরুতেই প্রতিমন্ত্রী জাতিসংঘের উচ্চ পর্যায়ের সমেলনে ২০৪১ সালের মধ্যে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ৫০ শতাংশ করার অঙ্গীকার করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও আন্তরিক ধন্যবাদ জানান।
প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর সমতা, ক্ষমতায়ন ও অগ্রগতি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোর আহ্বান জানিয়েছেন।
করোনা মহামারিতে বিশ্বব্যাপী নারীর চাকরির সুরক্ষার আহ্বান নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ নারীর ক্ষমতায়নে যে রোল মডেল সৃষ্টি করেছে এই ঘোষণার মাধ্যমে তা বিশ্বব্যাপী আরও ছড়িয়ে যাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অঙ্গীকার বিশ্বব্যাপী নারীর সমতা, ক্ষমতায়ন ও অগ্রগতি অর্জনে মুক্তির সনদ হিসেবে বিবেচিত হবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব শিশুদিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে প্রকাশিত বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক (২৫টি বই) শিশু গ্রন্থমালা, শিশুদের নির্বাচিত আঁকা ছবি নিয়ে ‘আমরা এঁকেছি ১০০ মুজিব’ ও শিশুদের নির্বাচিত লেখা নিয়ে ‘আমরা লিখেছি ১০০ মুজিব’ বইয়ের মোড়ক উন্মোচন করবেন।
তিনি বলেন, সরকার দেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ শিশুদের উন্নয়ন, সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে শিশুবান্ধব পরিবেশ সৃষ্টি করতে কাজ করে যাচ্ছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিশুদিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন করে থাকে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ অক্টোবর সকাল ১০টা ৩০ মিনিটে গণভবন থেকে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বিশ্ব শিশুদিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২০ উদযাপন উপলক্ষে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশুদিবস উদযাপন করা হয়ে থাকে। ৫ অক্টোবর শিশুদিবস উদযাপন করা হবে ও দিবসটির প্রতিপাদ্য ‘শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে’। এছাড়া আগামী ৬ অক্টোবর ‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় কন্যা শিশুদিবস উদযাপন করা হবে।
এছাড়া শিশু অধিকার সপ্তাহে সুবিধাবঞ্চিত শিশু, পথশিশু, শ্রমজীবী শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা, সাংস্কৃতিক শিক্ষা, খেলাধুলা ও শিশুদের অধিকার, সুরক্ষা ও উন্নয়ন বিষয়ে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হবে। সব আলোচনা, পরিবেশনা ও প্রতিযোগিতা ভার্চ্যুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সিটি কর্পোরেশন, ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন, প্লান ইন্টারন্যাশনাল, অপরাজেয় বাংলা ও শিশু অধিকার ফোরামসহ দেশি ও আন্তর্জাতিক সংস্থা সপ্তাহব্যাপী অনুষ্ঠানে অংশ নেবে।
শিশুদিবসের অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশে বেতার ও অনালইনে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া পোস্টার, ফেস্টুন-ব্যানার স্থাপন, ক্রোড়পত্র ও সরণিকা প্রকাশ করা হয়েছে। দেশের সব জেলা এবং উপজেলায় বিশ্ব শিশুদিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হবে।