August 28, 2026, 5:08 am
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়ে কি করা যায় তা দেখছি বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল- ইসলাম।
আজ শনিবার (০৩ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক আয়োজিত ওয়েবিনারে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা কমিশনে জয়েন করার আগেই ওয়ালটনের বিডিং সহ সকল কার্যক্রম শেষ হয়ে গিয়েছিলো। প্রতিষ্ঠানটির শেয়ার এখন পুঁজিবাজারে লেনদেন হচ্ছে। আমরা দেখছি, আইনের মধ্য থেকে যা করা যায়, আমরা তা করার চেষ্টা করবো।
বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজার যাতে স্থিতিশীল থাকে সেজন্য আমরা কাজ করছি। বাজার ভালো হচ্ছে এই সুযোগে যাতে কেউ কোন ধরনের অকারেন্স না করতে পারে, সেজন্য মনিটরিং ও জরিমানা করছি। বাজারে যাতে আতঙ্ক সৃষ্টি না হয়, সেভাবে কাজ করছি।
অডিট খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে কাজ করছি উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির ভুয়া রিপোর্ট দেওয়ায়।কয়েকটি অডিট কোম্পানিকে পাঁচ বছর নিষিদ্ধ করেছি। আবার কিছু কিছু কোম্পানিকে আজীবন নিষিদ্ধ করেছি।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, অন্যান্য সময়ের চেয়ে দেশের অর্থনীতি এখন অনেক শক্তিশালী। এই অবস্থা ধরে রাখতেই পুঁজিবাজার আরও উন্নয়ন করা হবে।পুঁজিবাজারের উন্নয়নে সব সমস্যার সমাধান করা হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, শেয়ারবাজারে বিনিয়োগে বাড়াতে আরো উন্নয়ন করতে হবে। শেয়ারবাজার অর্থনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। বিদেশি বিনিয়োগ বাড়াতে বাজারকে শক্তিশালী করতে হবে।
ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিশনার ড. মিজানুর রহমান। ওয়েবিনারের আরও বক্তব্য রাখেন বিএপিএলসির সভাপতি আজম জে. চৌধুরী , সিডিবিএলের চেয়ারম্যান শেখ কবির, এমসিসিআইয়ের সভাপতি নিহাদ কবির, ডিএসই চেয়ারম্যান ইউনুসুর রহমান, সিএসই চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, ডিবিএ সভাপতি শরিফ আনোয়ার হোসেন, এএএমসিএমএফ সভাপতি ড. হাসান ইমাম ও বিএমবিএ সভাপতি সায়েদুর রহমান।