May 30, 2026, 9:33 pm

কুড়িয়ে পাওয়া ৮২ লাখ টাকা ফেরত দিলেন প্রবাসী বাংলাদেশী

কুড়িয়ে পাওয়া ৮২ লাখ টাকা ফেরত দিলেন প্রবাসী বাংলাদেশী

সংযুক্ত আরব আমিরাতে কুড়িয়ে পাওয়া সাড়ে ৩ লাখ রিয়াল (বাংলাদেশি টাকায় প্রায় ৮২ লাখ টাকা) ফেরত দিয়ে প্রশংসিত হয়েছেন এক প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ কফিলউদ্দিন মুহুরী (৪০)। দুবাই পুলিশের কমান্ডার ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল আব্দুল্লাহ খালিফা আল মাররির নির্দেশনায় নাইফ পুলিশ স্টেশনের পরিচালক ব্রিগেডিয়ার ড. তারিক মোহাম্মদ নূর আহলাক আমিরাতের ফ্ল্যাগ ডে’র দিন দুবাইয়ের নাইফ পুলিশ স্টেশনে কফিল উদ্দিনকে একটি সম্মাননা সনদ ও সৌজন্য উপহার প্রদান করেন। আমিরাতের প্রভাবশালী পত্রিকা খালিজ টাইমস, গালফ নিউজসহ আরবি ভাষায় প্রকাশিত বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকায় এ খবর প্রচারিত হয়েছে। প্রবাসী কফিল উদ্দিন আব্দুল গণির বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি থানার গোপালঘাটা গ্রামে বলে জানা গেছে।

মোহাম্মদ কফিলউদ্দিন মুহুরী প্রবাসী সাংবাদিকদের জানান, গত ২৯ অগাস্ট দুপুরে দুবাইয়ের দেরায় আল সাবকা এলাকায় বুড়ি মসজিদ রোডে নিজের বাসার কাছে গাড়ি পার্কিংয়ে পরিত্যক্ত অবস্থায় কালো টেপে মোড়ানো একটি বান্ডিল দেখেন তিনি। কফিল তা কুড়িয়ে নেন এবং খোঁজ করে কোনো মালিক না পেয়ে বাসায় রেখে দেন। পরে রাতে কালো টেপ খুলে বান্ডিলে পাঁচশ সৌদি রিয়ালের নোটগুলো পান। নোটগুলো আসল কিনা তা নিয়ে সন্দেহ হলে মানি এক্সচেঞ্জে কাজ করেন এমন একজনের মাধ্যমে কফিল নিশ্চিত হন যে তা আসল। তিনি ঘটনাস্থলের পাশে রেস্টুরেন্টে খবর দেন, যদি কেউ এ অর্থের সন্ধান প্রার্থী হন তাহলে যেন যোগাযোগ করা হয়।

৫ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করেও কোনো মালিক না পেয়ে সেদিনই নাইফ পুলিশ স্টেশনে গিয়ে তা জমা দেন কফিলউদ্দিন। কফিলউদ্দিন বলেন, কখনো মানুষের সম্পদের ওপর লোভ করিনি। কারণ পরের টাকা দিয়ে বড় হওয়া যায় না এমন শিক্ষা পেয়েছি পরিবার থেকে। তাই মালিক না পেয়ে টাকাটা পুলিশের হাতে তুলে দিয়ে নিজের দায়িত্ব পালন করেছি। কফিল মনে করেন, বাংলাদেশিরা সৎ ও পরিশ্রমী হিসেবে প্রবাসে পরিচিত, তার এ সততা বিদেশের মাটিতে বাংলাদেশের সুনাম আরও বাড়াবে। দুবাই পুলিশ প্রধানের নির্দেশনায় নাইফ পুলিশ স্টেশনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কফিল উদ্দিনকে তাঁর অনুকরণীয় আচরণের জন্য সম্মাননা সনদ ও উপহার দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com