October 13, 2026, 5:54 pm

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় সবার সহযোগিতা প্রয়োজন

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় সবার সহযোগিতা প্রয়োজন

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা অপরিহার্য বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

বুধবার (১০ নভেম্বর) জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউএনআইডিও) সহযোগিতায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শিল্প উন্নয়নের ওপর দ্বিতীয় আঞ্চলিক সম্মেলনে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শিল্প মন্ত্রণালয়।

শিল্পমন্ত্রী বলেছেন, বর্তমান বিশ্ব প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। গত কয়েক দশক ধরে প্রযুক্তি অসীম গতিতে বিকশিত হচ্ছে এবং বৈশ্বিক অর্থনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্বপূর্ণ উপাদানসমূহ অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট, ইন্টারনেট অব থিংস, স্বনিয়ন্ত্রিত যানবাহন, ন্যানোপ্রযুক্তি, জৈবপ্রযুক্তি ইত্যাদি আমাদের জন্য যেমন সুযোগ তৈরি করছে, তেমনি নতুন নতুন চ্যালেঞ্জের উদ্ভব হচ্ছে। এ চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।

দুইদিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার প্রতিনিধি, শ্রীলংকা ও ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশের শিল্পমন্ত্রী, আসিয়ানের প্রতিনিধিসহ প্রায় ২৫টি দেশের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, চতুর্থ শিল্প বিপ্লব বৈশ্বিক আয় বৃদ্ধি এবং বিশ্বব্যাপী মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে। এসব বিষয় বিবেচনায় এবং এ চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় বাংলাদেশ বিভিন্ন নীতি, আইন, বিধি ও কৌশলপত্র প্রণয়ন করেছে। দক্ষতা বৃদ্ধির জন্য কার্যক্রম গ্রহণ করেছে। বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির চেষ্টা চলছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগগুলো কাজে লাগাতে হবে।

পরে তিনি শ্রীলংকার শিল্পমন্ত্রী উইমল ভিরাওয়ানসার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন এবং দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

এদিকে বৃহস্পতিবার সকালে জাকার্তায় বাংলাদেশের শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক বার্নাডো ক্যালজাডিল্লা সার্মিন্টো দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার দেওয়া কান্ট্রি প্রোগ্রাম লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশে কারিগরি সহযোগিতা দেওয়ার জন্য তাদের সহায়তা কামনা করেন।

১০-১১ নভেম্বর শিল্প উন্নয়নের ওপর দ্বিতীয় আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন গত মঙ্গলবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা পৌঁছান। সম্মেলনে অংশগ্রহণ শেষে আগামীকাল (১২ নভেম্বর) তার দেশে ফেরার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com