October 14, 2026, 5:34 pm

‘স্কুল-কলেজের সামনে পান-সিগারেটের দোকান নয়’

‘স্কুল-কলেজের সামনে পান-সিগারেটের দোকান নয়’

স্কুল-কলেজের সামনে কেউ যেন পান-সিগারেটের দোকান বসাতে না পারে সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে বলেছে এই মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। শিক্ষার্থীদের তামাক থেকে দূরে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানানোর সুপারিশ করা হয়েছে।গতকাল রোববার (৭ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এক সভায় কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এবং বেগম রুমানা আলী অংশ নেন। এতে সভাপতিত্ব করেন সংসদ সদস্য মো. শামসুল হক টুকু।

এছাড়া বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলা কারাগারকে ডোপ টেস্টের আওতায় আনার জন্যও কমিটির পক্ষ থেকে বলা হয়েছে। বাংলাদেশ পুলিশের সার্বিক কার্যক্রম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক কার্যক্রমের ওপর প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়। সংসদীয় কমিটি পুলিশ সদস্যদের মধ্যে ডোপ টেস্ট কার্যক্রম আরও জোরদার করার সুপারিশ করেছে বলে সভা সূত্রে জানা গেছে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সুরক্ষাসেবা বিভাগের সচিব, পুলিশ মহাপরিদর্শক ও দুই বিভাগের অধীনস্থ সংস্থাগুলোর প্রধান ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com