October 14, 2026, 2:23 pm

দরজা ভেঙে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

দরজা ভেঙে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি সাবলেট বাসা থেকে দরজা ভেঙে মোহাম্মদ আলী জিন্নাহ (৫০) নামে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তার মরদেহ উদ্ধার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুস সাকিব জানান, মঙ্গলবার (১৯ অক্টোবর) ডিউটি শেষে রাত দশটার দিকে সাবলেট বাসায় ফেরেন জিন্নাহ। বুধবার রাতে তার ডিউটিতে আসার কথা ছিল। এর আগেই বুধবার দুপুরে তার পাশের রুমমেট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এসময় জিন্নাহর রুম বন্ধ দেখে কোনো সাড়াশব্দ না পাওয়া দরজা ভেঙে তাকে খাটের ওপর পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যেতে পারেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে বলেও জানান এসআই নাজমুস সাকিব।

এসআই নাজমুস সাকিব আরও জানান, গত মার্চে মুন্সিগঞ্জ সদর থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় যোগদান করেন তিনি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোলক নগর গ্রামের ফজলুর রহমানের ছেলে। বর্তমানে তিনি দক্ষিণ কেরানীগঞ্জ টিলাবাড়ি এলাকায় একটি বাড়ির তৃতীয় তলায় সাবলেট থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com