August 28, 2026, 1:35 am

ডিসেম্বরের মধ্যেই পুঁজিবাজারে ইসলামী বন্ড চালু করা হবে

ডিসেম্বরের মধ্যেই পুঁজিবাজারে ইসলামী বন্ড চালু করা হবে

মুসলিম বিশ্বের গন্ডি ছাড়িয়ে ইউরোপ ও আমেরিকার পুঁজিবাজারে ইসলামিক বন্ড বা সুকুক জায়গা করে নিয়েছে। মালয়েশিয়া ও সৌদি আরবের অবকাঠামো উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে সুকুক। যদিও বাংলাদেশে সুকুকের সুচনাই হয়নি এখনো। দেশের বাজারে সুকুক’কে জনপ্রিয় ও কার্যকর করে তুলতে আয়োজন করা হয়েছে চার দিন ব্যাপী কর্মশালার।

সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ড ফর ব্যাংকস অব বাংলাদেশ ও মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল শরিয়াহ্ রিসার্চ একাডেমি ফর ইসলামিক ফিন্যান্স (ইসরা) যৌথ উদ্যোগে কর্মশালাটি আয়োজন করেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় অনলাইন প্লাটফর্মে আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে অর্থসচিব বলেন, অর্থনৈতিক উন্নয়নে সারাবিশ্বেই সুকুক জনপ্রিয়তা পেয়েছে। আমরা চাই, উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রাখতে বাংলাদেশেও শরীয়াহভিত্তিক ইসলামিক বন্ড তথা সুকুক চালু হোক। এজন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নসহ অন্যান্য কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে। আশা করছি, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের পুঁজিবাজারে সুকুক চালু করা হবে।

দেশের সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম আযীযুল হক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসরার নির্বাহী পরিচালক প্রফেসর ড. মোহামদ আকরাম লালদিন।

অন্যদের মধ্যে বাহরাইনভিত্তিক সংগঠন অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের (এএওআইএফআই) সেক্রেটারি জেনারেল ওমর মুস্তফা আনসারী, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামান, সাবেক অর্থ সচিব আরাস্তু খান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নাজমুল হাসান, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দীন আহমেদ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ ও ব্যাংক এশিয়া লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, অর্থনীতিবিদ ড. এম. কবির হাসান বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের সেক্রেটারি জেনারেল মো. আবদুল্লাহ শরীফ।

সভাপতির বক্তব্যে এম আযীযুল হক বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ মিশন (বিএসইসি) ইতোমধ্যেই এ সংক্রান্ত নীতিমালা ইস্যু করেছে। বাংলাদেশ ব্যাংকও এ বিষয়ে প্রয়োজনীয় গাইডলাইন চূড়ান্ত করতে যাচ্ছে। ব্যাংকসহ কিছু কর্পোরেট প্রতিষ্ঠান বাংলাদেশী মার্কেটে সুকুক চালু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশ বিদেশের ব্যাংকিং খাত সংশ্লিষ্ট ২৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেলা ২টায় শুরু হয় কর্মশালা। এতে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিআইবিএম, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন ও মার্চেন্ট ব্যাংকসহ ৪৫টি প্রতিষ্ঠানের ১৬৫টি জন নির্বাহী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com