October 13, 2026, 1:17 pm

দুই প্রকল্পে এডিবির ঋণ সাড়ে পাঁচ হাজার কোটি টাকা

দুই প্রকল্পে এডিবির ঋণ সাড়ে পাঁচ হাজার কোটি টাকা

এশীয় উন্নয়ন ব্যাংকের –এডিবির অর্থায়নে বাস্তবায়নাধীন দুটি চলমান প্রকল্পে মোট ৬৫ কোটি ডলার ঋণ দেবে সংস্থাটি। বর্তমান বিনিময় হার অনুযায়ী যা বাংলাদেশি মুদ্রায় পাঁচ হাজার ৫২৫ কোটি টাকা।

রাজধানীর সোনারগাঁও হোটেলে সোমবার এ বিষয়ে ঋণ চুক্তি সই হয়েছে।

নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন এডিবির বিদায়ী কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এবং বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা জানান, এই চুক্তির আওতায় সাসটেইনেবল ইকোনোমিক রিকভারি প্রোগামে ২৫ কোটি ডলার ঋণ দেয়া হচ্ছে।

অপরদিকে ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প’ ৪০ কোটি ডলার।

পাঁচ বছর গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধযোগ্য এই ঋণের সুদ হার হবে লন্ডন আন্তর্জাতিক ব্যাংক লেনদেনের সুদ হার (লাইবার) ও তার সঙ্গে অতিরিক্ত শূন্য দশমিক ৫০ শতাংশ।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা জানান, সাসটেইনেবল ইকোনোমিক প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে সরকারি আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য আর্থিক সেবা সহজ করা।

এ ছাড়া ঢাকা-সিলেট করিডোর প্রকল্পের আওতায় বিদ্যমান ২ লেন থেকে ৪ লেন মহাসড়কে উন্নীত করা। এর ফলে এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক, বিমসটেক করিডোর, সার্ক করিডোরসহ আঞ্চলিক কানেকটিভিটি শক্তিশালীর মাধ্যমে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন করা।

প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোর সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সম্ভব হবে এবং ভ্রমণ সময় প্রায় ২ ঘণ্টা কমে আসবে।

এডিবি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। বাংলাদেশ ১৯৭৩ সালে সংস্থাটির সদস্যপদ লাভ করার পর থেকে এ সংস্থা তাদের আর্থিক সহায়তার একটি বড় অংশ বাংলাদেশকে দিয়ে আসছে।

এডিবি এখন পর্যন্ত বাংলাদেশ সরকারকে ২৬ দশমিক ৬১ বিলিয়ন ডলারের ঋণসহায়তা এবং ১ দশমিক ০৫৩ বিলিয়ন মার্কিন ডলারের অনুদান সহায়তা দিয়েছে।

বাংলাদেশে উন্নয়ন সহায়তার ক্ষেত্রে এডিবি প্রধানত বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, শিক্ষা, স্থানীয় সরকার, কৃষি, পানিসম্পদ এবং সুশাসন খাতকে প্রাধান্য দেয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com