November 26, 2026, 10:12 pm

সাউথ বাংলা ব্যাংকের নতুন চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা

সাউথ বাংলা ব্যাংকের নতুন চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শিল্পপতি আবদুল কাদির মোল্লা।

রোববার (২৬ সেপ্টেম্বর) মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ১২৬তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।

বিশিষ্ট ব্যবসায়ী আবদুল কাদির মোল্লা বস্ত্র খাতের শীর্ষ স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান থার্মেক্স গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। শতভাগ রপ্তানিকারক এই বৃহৎ শিল্প গ্রুপে থার্মেক্স টেক্সটাইল মিলস, থার্মেক্স স্পিনিং, থার্মেক্স নিট ইয়ার্ন, থার্মেক্স ইয়ার্ন ডাইং, থার্মেক্স ওভেন ডাইং, আদুরী অ্যাপারেলস, আদুরী নিট কোম্পোজিটসহ আন্তর্জাতিক মানসম্পন্ন ১৬টি সহযোগী প্রতিষ্ঠান আছে।

আব্দুল কাদির মোল্লা সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের প্রতিষ্ঠাকাল থেকে উদ্যোক্তা পরিচালক হিসেবে আছেন।

তিনি সিআইপি (রপ্তানি) মর্যাদা এবং জাতীয় রাজস্ব বোর্ডের ‘কর বাহাদুর পরিবার’ সম্মাননাপ্রাপ্ত। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তিনি মজিদ মোল্লা ফাউন্ডেশনের অধীনে আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, এনকেএম হাইস্কুল অ্যান্ড হোমস, আবদুল কাদির মোল্লা ইন্টারন্যাশনাল স্কুল ও পাঁচকান্দি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন। ব্যবসায়িক সফলতার পাশাপাশি সমাজসেবা, ধর্মীয় এবং স্বাস্থ্যসেবায় তার অবদান সর্বজনবিদিত।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর এস এম আমজাদ হোসেন অসুস্থতার কারণ দেখিয়ে ব্যাংকটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। তিনি ২০১৩ সাল থেকে টানা ৯ বছর ব্যাংকটির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে ঋণ জালিয়াতিসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব দুর্নীতির অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com