April 30, 2026, 8:25 am

ইমরানকে উৎখাতে ঐক্যজোট গড়ছে বিরোধী দলগুলো

ইমরানকে উৎখাতে ঐক্যজোট গড়ছে বিরোধী দলগুলো

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ ও তার সরকারকে উৎখাতের লক্ষ্যে ঐক্যজোট গড়ছে বিরোধী রাজনৈতিক দলগুলো।

রোববার গুরুত্বপূর্ণ এক বৈঠকের মাধ্যমে জোটের রূপরেখা চূড়ান্ত করেছে পাকিস্তান পিপল’স পার্টি (পিপিপি), পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন), জমিয়তে উলামা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) এবং আরও বেশ কয়েকটি দল।

নতুন এই জোটের নাম দেয়া হয়েছে ‘অল পার্টিজ কনফারেন্স (এপিসি)’। জোটের পক্ষ থেকে ২৬ দফা প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে।

প্রথমপর্যায়ে আগামী অক্টোবর থেকে পর্যায়ক্রমিকভাব পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে দলগুলো। ডিসেম্বরে হবে দ্বিতীয়পর্যায়ের আন্দোলন।

দাবি আদায়ে ২০২১ সালের জানুয়ারিতে গোটা দেশ থেকে ইসলামাবাদমুখী বিশাল পদযাত্রার আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

রোববারের বৈঠকে লন্ডন থেকে ভিডিওর মাধ্যমে বক্তব্য দেন পাকিস্তান মুসলিম লীগের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বৈঠকে ছিলেন তার মেয়ে মরিয়ম নওয়াজ।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি, জেইউআইএফের প্রতিনিধিরাও।

বিরোধী দলগুলোর দাবি, ইমরান খান জালিয়াতি করে নির্বাচনে জিতেছেন এবং তাতে সহায়তা করেছিল সেনাবাহিনী। তাই পাকিস্তানের রাজনীতিতে সেনার প্রভাব চলবে না।

আনতে হবে নতুন দায়বদ্ধতা আইন। স্বচ্ছ ও নিরপেক্ষতা বজায় রাখতে পাক নির্বাচন ব্যবস্থাকেও সংস্কার করতে হবে। আইনসভায় বিরোধী জোটের দলগুলো সরকারের সঙ্গে অসহযোগিতার নীতি বজায় রাখবে বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com