August 25, 2026, 8:06 am

৪ মাস পর ভারতের সাথে বিমান চলাচল শুরু

৪ মাস পর ভারতের সাথে বিমান চলাচল শুরু

এয়ার বাবল চুক্তির আওতায় আজ রোববার (৫ সেপ্টেম্বর) প্রায় চার মাস পর থেকে চালু হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে ফ্লাইট চলাচল। এর আগে তিন দফা বাংলাদেশের সঙ্গে ভারতের বিমান চলাচল শুরুর তারিখ পেছায়। গতকাল শনিবার (৪ সেপ্টেম্বর) বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ (বেবিচক) বিজ্ঞপ্তিতে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেয়।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মাফিদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব ধরনের যাত্রীর ভ্রমণের ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষা সরকারি কেন্দ্র থেকে সম্পন্ন করতে হবে। দু’দেশের নিয়ম অনুসারে যাত্রীরা কোয়ারেন্টাইনে থাকবেন।

বেবিচকের নির্দেশনায় আরও বলা হয়েছে, বাংলাদেশের এয়ারলাইনসগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-কলকাতা-ঢাকা ও ঢাকা-দিল্লি-ঢাকা রুটে সপ্তাহে দুটি করে মোট চারটি ফ্লাইট পরিচালনা করবে। আর ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।

বেবিচক জানিয়েছে, ভারত থেকে আসা যাত্রীরা ‘বিজনেস ভিসা’ নিয়ে বাংলাদেশে আসতে পারবেন। ভারত থেকে আসা প্রত্যেক যাত্রীকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে বলেও নির্দেশনায় বলা হয়েছে।

বিমান জানায়, ৫ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে বিমানের প্রথম ফ্লাইট যাবে। করোনা মহামারির মধ্যে গত বছরের অক্টোবরে ভারতের সঙ্গে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় বিমান চলাচল শুরু হয়েছিল। এরপর ভারতে মহামারি ভয়ংকর রূপ নিলে চলতি বছরের এপ্রিলে বন্ধ হয় বিমান চলাচল।

দুই দেশের করোনা পরিস্থিতির উন্নতি হলে ৪ সেপ্টেম্বর ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দেয় বেবিচক। এর আগে গত ২৮ আগস্ট বেবিচককে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক চিঠিতে ৩ সেপ্টেম্বর থেকে এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট শুরুর প্রস্তাব দেওয়া হয়। প্রস্তুতির অভাবে সেই দিন বিমান চলাচল শুরু করতে পারেনি বাংলাদেশ। ২ সেপ্টেম্বর বাংলাদেশ আবারো দেশটিকে চিঠি পাঠায়। শেষ পর্যন্ত আজ থেকে শুরু হচ্ছে দুই দেশের বিমান চলাচল।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com