August 24, 2026, 11:13 am

এক বোয়ালের দাম ৫৬ হাজার টাকা!

এক বোয়ালের দাম ৫৬ হাজার টাকা!

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা ও যমুনা নদীর মোহনা থেকে জেলের জালে ২২ কেজি ওজনের একটি বিশাল বোয়াল মাছ ধরা পড়েছে। শনিবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় মানিকগঞ্জের হরিরামপুর এলাকার জেলে কাইয়ুম হালদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটে নিয়ে আসলে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ ২ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৪৮ হাজার ৪০০ টাকা দিয়ে কিনে নেন। এ সময় মাছটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা আড়তের সামনে ভিড় করে।

জেলে কাইয়ুম হালদার বলেন, ভোর রাতে আমরা কয়েকজন ট্রলার নিয়ে মানিকগঞ্জের হরিরামপুর এলাকা থেকে মাছ ধরতে পদ্মায় আসি। দীর্ঘ সময় অপেক্ষা করেও মাছ না পেয়ে হতাশ হয়ে যাই। পরবর্তীতে শেষ বারের মতো পদ্মা ও যমুনার নদীর মোহনায় জাল ফেলি। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর জাল টান দিলে জালে জোরে একটা ধাক্কা দেয়। পরে জাল তুলে দেখি বিশাল একটি বোয়াল মাছ। এরপর মাছটি দুপুর ১টার দিকে বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটে আনলে ওজন দিয়ে দেখি ২২ কেজি। ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ২ হাজার ২০০ টাকা কেজি দরে ৪৮ হাজার ৪০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, নদীর বড় বোয়াল মাছের অনেক চাহিদা। দামও তুলনামূলক বেশি। দৌলতদিয়া ঘাটে বড় কোনো মাছ উঠলে সবার আগে আমি কেনার চেষ্টা করি। আজ মানিকগঞ্জের জেলে কাইয়ুম ২২ কেজি ওজনের বোয়াল মাছটি বিক্রির জন্য নিয়ে আসলে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ২ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৪৮ হাজার ৪০০ টাকা দিয়ে কিনে নেই। পরে মুঠোফোনে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে ২ হাজার ৫৫০ কেজি হিসেবে মোট ৫৬ হাজার ১০০ টাকায় বিক্রি করি।

জেলা মৎস্য কর্মকর্তা রোকোনুজ্জামান বলেন, পদ্মা নদীর এই এলাকায় আজকাল নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়েছে। এতে জেলে ও ব্যবসায়ীরা খুব খুশি। আমরা চেষ্টা করছি এ ধরনের মাছের জন্য অভয়াশ্রম গড়ে তুলে তাদেরকে রক্ষা করার। যেন তারা নদীতে বংশ বিস্তার করে মাছের উৎপাদন বাড়াতে পারে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com