October 11, 2026, 4:34 pm

পিকে হালদারের দুই সহযোগী দুদকে ৫ দিনের রিমান্ডে

পিকে হালদারের দুই সহযোগী দুদকে ৫ দিনের রিমান্ডে

সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া প্রশান্ত কুমার (পিকে) হালদারকে সহায়তাকারী দুজনকে পাঁচদিনের রিমান্ডে পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন পিকে হালদারের আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ভারপ্রাপ্ত এমডি সৈয়দ আবেদ হাসান ও সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরী।

জিজ্ঞাসাবাদের জন্য তাদের রোববার বেলা ১২টার দিকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে আনা হয়। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপ পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান আসামি দুজনকে জিজ্ঞাসাবাদ করেন বলে দুদকের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে।

এর আগে তাদের বিরুদ্ধে পিকে হালদারের কাগুজি প্রতিষ্ঠান আনান ক্যামিকেলকে ইন্টারন্যাশনাল লিজিং কোম্পানি থেকে নিয়মবহির্ভূতভাবে ৭০ কোটি ৮২ লাখ টাকা ঋণ প্রদানের অভিযোগে মামলা করে দুদক। ওই মামলায় আবেদ হাসান ও রাফসান রিয়াদকে গ্রেপ্তারও করা হয়।

দুদক বলছে, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস-এর সাবেক ভারপ্রাপ্ত এমডি সৈয়দ আবেদ হাসান, সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরী ক্ষমতা অপব্যবহার করে পরস্পরের সহায়তায় দুর্নীতিতে জড়ান।

তারা আনান কেমিক্যাল লিমিটেডের মালিককে ঋণ পেতে প্রত্যক্ষ সহযোগিতা করেন। সেই সঙ্গে ঋণের গ্রহীতা আনান কেমিক্যাল লিমিটেডের পরিচালকরা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তা ও বোর্ড সংশ্লিষ্ট সদস্যদের প্রত্যক্ষ সহায়তায় ৭০ দশমিক ৮২ কোটি টাকা আত্মসাৎ করেন।

পরবর্তীতে, বিভিন্ন লেয়ারিংয়ের মাধ্যমে এসব অর্থ নানা কোম্পানি ও ব্যক্তির হিসাবে স্থানান্তর এবং রূপান্তরের মাধ্যমে পাচার করা হয়েছে।

এসব কাজ দণ্ডবিধির বিভিন্ন ধারায় শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় আবেদ ও রাফসানকে গত ১৬ মার্চ গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে পাঁচদিনের রিমান্ডে পেতে দুদক আবেদন করলে আদালত তা গ্রহণ করে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com