August 27, 2026, 8:47 pm
শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রথম বছরেই ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করায় এক্সপ্রেস ইন্স্যুরেন্স কর্তৃপক্ষের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ফলপ্রসু আলোচনা হয়েছে। এই আলোচনার প্রেক্ষিতে বিনিয়োগকারীদের জন্য সুখবর দেওয়ার জন্য পরামর্শক নিয়োগ দিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
বিএসইসির নির্বাহি পরিচালক (চলতি দায়িত্ব) ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম শেয়ারবাজার নিউজকে বলেন, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ‘নো’ ডিভিডেন্ড’ মূল্য সংবেদনশীল সংক্রান্ত প্রকাশিত তথ্যটি কমিশনের দৃষ্টিগোচর হয়। এছাড়া বিনিয়োগকারীদের স্বার্থ লঙ্ঘিত হয়েছে বলে মনে করেছে কমিশন। এর আলোকে কমিশন আজ এক্সপ্রেস ইন্স্যুরেন্স কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা করে। সভায় ‘নো’ ডিভিডেন্ডের বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে।
এ বিষয়ে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহি কর্মকর্তা (সিইও) শেয়ারবাজার নিউজকে বলেন, তালিকাভুক্তির প্রথম বছরেই ‘নো’ ডিভিডেন্ড ঘোষণায় হতাশা প্রকাশ করেছে কমিশন। একইসঙ্গে বিনিয়োগকারীরা যাতে বঞ্চিত না হয়, সেলক্ষ্যে যেকোনভাবে একটি সুখবর দিতে বলেছে। আইনের মধ্যে থেকে আমাদেরকে এ কাজ করার জন্য বলেছে। এ বিষয়ে আমরা আন্তরিক।
তিনি বলেন, কমিশনের সঙ্গে আজ আলোচনার পরিপেক্ষিতে কিভাবে সুখবর দেওয়া যায়, সেলক্ষ্যে আমরা একটি অডিট ফার্মকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছি। তাদের পরামর্শের আলোকে পরবর্তি সিদ্ধান্ত নেওয়া হবে। সেটা অন্তরবর্তীকালীন লভ্যাংশ বা অন্য কোন উপায়ে সুখবর দেওয়ার সুযোগ থাকলে, পরামর্শকের পরামর্শের আলোকে দেওয়ার পদক্ষেপ নেব। এই সিদ্ধান্ত দ্রুত নেওয়া হবে।
এর আগে গতকাল সোমবার এক্সপ্রেস ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র মতে, ২০১৯ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩১ টাকা। আর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.০৪ টাকায়।