July 12, 2026, 2:15 am

আসছে ফেসবুক-হোয়াটসঅ্যাপের বিকল্প ‘যোগাযোগ-আলাপন’

আসছে ফেসবুক-হোয়াটসঅ্যাপের বিকল্প ‘যোগাযোগ-আলাপন’

দেশকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে আইসিটি বিভাগের উদ্যোগে ফেসবুকের বিকল্প নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘যোগাযোগ’ এবং হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে ‘আলাপন’ নামেরও একটি প্লাটফর্ম তৈরি হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি জানান, এর মাধ্যমে দেশের উদ্যোক্তারা তথ্য, উপাত্ত ও যোগাযোগের জন্য নিজেদের মধ্যে একটি নিজস্ব অনলাইন মার্কেটপ্লেস ও গ্রুপ তৈরি করতে পারবেন। উদ্যোক্তাদেরকে বিদেশ নির্ভর হতে হবে না।

শনিবার (২৪ জুলাই) উইমেন ই-কমার্স (উই) আয়োজিত ‘এন্টারপ্রেনারশিপ মাস্টারক্লাস সিরিজ ২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।

পলক বলেন, আইসিটি বিভাগের উদ্যোগে ইতিমধ্যেই জুম অনলাইনের বিকল্প ‘বৈঠক’ অনলাইন প্লাটফর্ম ও করোনা প্রতিরোধে ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’ অ্যাপস তৈরি করা হয়েছে।

তিনি বলেন, উইমেন ই-কমার্স এই প্ল্যাটফর্ম ব্যবহার করে উপকৃত হবে। এ সময়ে তিনি স্ট্রিমিং প্ল্যাটফর্মসহ নিজেদের উদ্যোগে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

প্রতিমন্ত্রী ২০১৮ সালে ডিজিটাল ই-কমার্স পলিসি করা হয়েছে উল্লেখ করে বলেন, দেশের লাখ লাখ উদ্যোক্তা তৈরি করতে তরুণ ও যুবকদের যেকোনো নতুন উদ্ভাবনে সরকার নীতিগতসহ বিভিন্ন সহায়তা প্রদান করছে।

পলক বলেন, আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে আইসিটি সেক্টরে ২০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা। এরই মধ্যে সফলতার সঙ্গে ১৫ লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে।

তিনি আরও বলেন, ই-কমার্স, হার্ডওয়ার, সফটওয়্যার, বিপিও সেক্টর মিলে ২০২১ সালের মধ্যে ২০ লক্ষাধিক কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে। এছাড়া ২০২৫ সালের মধ্যে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয় করা সম্ভব হবে।

প্রতিমন্ত্রী বলেন, উদ্যোক্তা হওয়ার প্রথম চ্যালেঞ্জ ঝুঁকি নেয়ার সাহস থাকা। তিনি সততা ,নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে উদ্ভাবনে নিজেদের নিয়োজিত করতে নারী উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে আইসিটি অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক রেজাউল মাকসুদ জাহেদি, সিল্ক গ্লোবালের সিইও ও উইয়ের বৈশ্বিক উপদেষ্টা সৌম্য বসু, উইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি নাসিমা আক্তার নিশা এবং উইয়ের অ্যাডভাইজর কবির সাকিব উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী মাস্টার ক্লাশ সিরিজ- ২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com