October 24, 2026, 3:55 am

বিচ্ছেদের পরও বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রয়েছেন আমির-কিরণ

বিচ্ছেদের পরও বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রয়েছেন আমির-কিরণ

দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন বলিউড সুপারস্টার আমির খান ও কিরণ রাও। গত ৩ জুলাই তারা একটি লিখিত বিবৃতির মাধ্যমে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। আচমকা সেই খবরে বলিউডপ্রেমীরা হয় বিস্মিত।

তবে বিচ্ছেদ হয়ে গেলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রয়েছেন আমির-কিরণ। এমনকি তারা একসঙ্গে নতুন সিনেমার শুটিংও করছেন। ভারতের অপূর্ব সুন্দর অঞ্চল লাদাখে চলছে ‘লাল সিং চাড্ডা’ সিনেমার চিত্রায়ণ। সেখানেই এক ফ্রেমে দেখা দিয়েছে সদ্য আলাদা হওয়া এ দম্পতি।

হলিউডের বিখ্যাত সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর অফিশিয়াল রিমেক ‘লাল সিং চাড্ডা’। এটি পরিচালনা করছেন অদ্বৈত চন্দন। সিনেমাটিতে আমির খানের বিপরীতে আছেন কারিনা কাপুর। তবে বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার নাগার্জুনার পুত্র অভিনেতা নাগা চৈতন্য। এটিই হতে যাচ্ছে চৈতন্যের প্রথম হিন্দি সিনেমা।

শুক্রবার (৯ জুলাই) নাগা চৈতন্য তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন। যেখানে আমির খান, কিরণ রাও এবং অদ্বৈত চন্দনের সঙ্গে হাসিমাখা মুখে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ছবিটি প্রকাশ্যে আসার পর মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে।

আমির ও কিরণ বিচ্ছেদের বিবৃতিতেই বলেছিলেন, তারা আলাদা হয়ে গেলেও একসঙ্গে কাজ করবেন। সন্তান আজাদ এবং পানি ফাউন্ডেশনের জন্য মিলেমিশে কাজ করবেন। সপ্তাহ না পেরোতেই ঠিকই নিজেদের কথার প্রমাণ দিলেন তারা।

প্রসঙ্গত, ২০০১ সালে ‘লাগান’ সিনেমার সেটে আমির খান ও কিরণ রাওয়ের মধ্যে পরিচয় হয়। সে সিনেমার সহকারী পরিচালক ছিলেন কিরণ। পরবর্তীতে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং প্রায় তিন বছর লিভ-ইন করেন। ২০০৫ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com