October 10, 2026, 9:45 pm

ভালো ফলনের পরও কেন বাড়ছে চালের দাম, খতিয়ে দেখার নির্দেশ মন্ত্রীর

ভালো ফলনের পরও কেন বাড়ছে চালের দাম, খতিয়ে দেখার নির্দেশ মন্ত্রীর

চৈত্র-বৈশাখ মাসে চালের দাম বাড়েনি, বোরোতে বাম্পার ফলনের পরও এখন চালের দাম কেন বাড়ছে- তা খতিয়ে দেখতে খাদ্য বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সোমবার (২১ জুন) সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কর্মসূচিতে খুলনা ও বরিশাল বিভাগের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান। খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘এ বছর ধান ও চালের দাম যৌক্তিকভাবে নির্ধারণ করা হয়েছে। মিল মালিকরা ইচ্ছামতো চালের দাম বাড়াবেন সেটা মোটেই কাম্য নয়।’

বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য চালের দাম সহনীয় রাখতে সরকারের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, ৩০ জুনের মধ্যে ৭৫ শতাংশ বোরো সংগ্রহ নিশ্চিত করে খাদ্য বিভাগের কর্মকর্তাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। মন্ত্রণালয় থেকে ধান ও চাল সংগ্রহের যে নির্দেশনা জারি হয়েছে সেই মোতাবেক সংগ্রহ অভিযান সফল করতে হবে।

চালের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের সহায়তায় নিয়মিত বাজার মনিটরিংয়ের নির্দেশ দেন খাদ্যমন্ত্রী।

মিল মালিকদের কাছ থেকে চুক্তি মোতাবেক নির্ধারিত সময়ে বেরো সংগ্রহ করতে খাদ্য বিভাগের মাঠ কর্মকর্তাদের তৎপর হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অন্যথায় মিল মালিকদের পাশাপাশি কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

খাদ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. আবদুল আজিজ মোল্লার সভাপতিত্বে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম সভায় বক্তৃতা করেন।

খাদ্য অধিদফতরের খুলনা ও বরিশাল বিভাগের খাদ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

বিজনেস নিউজ/আরকে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com