April 30, 2026, 7:32 pm
ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) আইটি বিভাগে বড় ধরনের সংস্কার করতে হবে বলে জানিয়েছেন পু্ঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
তিনি বলেন, ডিএসইর আইটি সেক্টরে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। সাম্প্রতিক সময়ে ডিএসইর আইটি বিভাগের সমস্যা নিয়ে গঠিত তদন্ত কমিটি তাদের রিপোর্ট চূড়ান্ত করেছে। আগামীকাল রোববার তারা আমাদের কাছে এই রিপোর্ট জমা দেবেন। এরপরই ডিএসইর আইটি বিভাগে বড় ধরনের সংস্কার করতে বলবো।
আজ শনিবার ‘টেকসই পুঁজিবাজার: প্রবৃদ্ধির চালক’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। চেয়ারম্যান বলেন, বর্তমানে দেশের ডিএসই ১ হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে। এটি ৩-৫ হাজার কোটি টাকা হওয়ার কথা। আগামী দিনে বাজারে বিভিন্ন ধরনের বন্ড, এসএমই প্রোডাক্টসহ অনেক ধরনের নতুন নতুন পণ্য আসবে। এসব পণ্য চালু হলে টার্নওভার তখন ৫হাজার কোটি টাকা ছাড়াবে। তার জন্য ডিএসইর আইটি বিভাগকে সংস্কার করতে হবে।
পুঁজিবাজারের বর্তমান অবস্থা ও আগামী দিনের জন্য করনীয় নিয়ে যৌথভাবে আলোচিত ওয়েবিনারের আয়োজন করে বাংলাদেশ মার্চেন্টস ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরাম (সিএমজেএফ)। অনুষ্ঠানে কি-নোট প্রেজেন্ট করেন বিএমবিএর প্রথম ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান। আর অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন সিএমজেএফের সাধারণ সম্পাদক মনির হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ও সাবেক সচিব মো. ইউনুসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেন এবং মিউচ্যুয়াল ফান্ড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. হাসান ইমাম।