October 10, 2026, 9:39 pm
শ্রীলঙ্কাকে রিজার্ভ থেকে ২০ কোটি ডলার ঋণ দেয়া প্রসঙ্গে আ হ ম মুস্তফা কামাল বলেন, যদি ঋণ দেই তবে সারা বাংলাদেশের মানুষ জানতে পারবে। এর আগেও আমি সংসদে বলেছি এখন ঋণ নিচ্ছি বেশি দিন বাকি নেই আমরা ঋণ দেবো। আমরা যদি লাভবান হয় যদি বাড়তি কিছু পায় তাহলে মন্দ না। বিদেশে বা পার্শ্ববর্তী দেশে ঋণ দিচ্ছি বাড়তি রিটার্নের আশায়।
বুধবার(১৬ জুন) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা পরবর্তী প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। মন্ত্রী সভায় ভার্চুয়ালি অংশ গ্রহন করেন।
মন্ত্রী আরো বলেন, ঋণ দিয়ে প্রতিবেশি দেশকে যদি সাহায্য করতে পারি এটা খারাপ না এটা ভালো।আমরা যে টাকা ঋণ হিসেবো দেবো তার থেকে ভালো রিটার্ন পাবো।’
বিদেশে টাকা পাচার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এটা নিয়ে নতুন আইন হচ্ছে। টাকা পাচাররোধে ১৪টি আইন আসছে। তবে তার আগে আমাদের জানতে হবে কেন টাকা পাচার হচ্ছে। সিস্টেম দিয়ে জানতে হবে এটা কেন হচ্ছে। তার আগে জানতে হবে এটা কারা করছে। আমরা ডিজিটাল পদ্ধতিতে এটা রোধ করার ব্যবস্থা করবো। তার আগে টাকা পাচার বন্ধের জন্য সুযোগ সৃষ্টি করবো।’
মুস্তফা কামাল আরো বলেন, এটা দুটি কারণে হতে হবে। একটা কারণে হতে পারে দেশে বিনিয়োগের ব্যবস্থা নেই। আমরা দেশে বিনিয়োগের ব্যবস্থা করবো। তারা যদি দেশেই লাভবান হতে পারে তবে টাকা পাচার করবে। আরো একটা কারণ হতে পারে এদের চারিত্রক বৈশিষ্টই টাকা পাচার করা। ওদেরকেও আমরা ডিজিটালি ট্র্যাক করে সিস্টেমের মধ্যে নিয়ে এসে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেবো। আমরা দেখেছি কিভাবে টাকা পাচার হয়। যারা টাকা পাচার করছে তাদের বিরুদ্ধে মামলা আছে সিদ্ধান্ত হচ্ছে না। অনেকে জেলে আছে।
খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি বাংলাদেশ ব্যাংক থেকে আগে তথ্য সংগ্রহ করবো। এর পরেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’
বিজনেস নিউজ/এসআর