October 8, 2026, 9:05 am
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কুড়িগ্রামের চিলমারীতে নদীবন্দর নির্মাণ প্রকল্পের বিষয়ে আলোচনা করতে গিয়ে গান গেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুরে সুরে প্রধানমন্ত্রী বলেছেন, ‘হাঁকাও গাড়ি তুই চিলমারী বন্দর।’
মঙ্গলবার (৮ জুন) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি কক্ষে একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘চিলমারী কিন্তু একসময় বিখ্যাত বন্দর ছিল। দেশভাগের পরে আসামের সঙ্গে লিংক নষ্ট হওয়ায় গুরুত্ব কমে গিয়েছে। এখন যেহেতু আমরা আঞ্চলিক ব্যবসা-বাণিজ্য বাড়াচ্ছি, প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গেও বাড়াচ্ছি। চিলমারী বন্দরটা আবার আগের জায়গায় যাবে। তখনই প্রধানমন্ত্রী আমাদেরকে মনে করিয়ে দিলেন, হাঁকাও গাড়ি তুই চিলমারী বন্দর।’
একনেকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ‘চিলমারী এলাকায় (রমনা, জোড়গাছ, নয়ারহাট) নদীবন্দর নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্প অনুমোদন হয়। প্রকল্পটি ২৩৫ কোটি ৫৯ লাখ টাকা খরচে ২০২১ সালের জুলাই থেকে ২০২৩ সালের ডিসেম্বর মেয়াদে বাস্তবায়ন করা হবে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৬ হাজার ৬৫১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। তার মধ্যে সরকার দেবে ৫ হাজার ২১৯ কোটি ৮১ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ৭৯৮ কোটি ৩ লাখ টাকা এবং বিদেশি ঋণ ৬৩৭ কোটি ৫০ লাখ টাকা।
বিজনেস নিউজ/এমআরএম