July 7, 2026, 7:22 pm

আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে ৫ ঘণ্টা

আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে ৫ ঘণ্টা

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চলমান বিধিনিষেধ ৬ জুন পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এসময় ব্যাংকের মতো ব্যাংক বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠানও সীমিত পরিসরে চলবে। গ্রাহকদের জরুরি আর্থিক সেবা দিতে স্বাস্থ্যবিধি পরিপালন করে ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত ৫ ঘণ্টা খোলা থাকবে। এতদিন বিধিনিষেধে সাড়ে চার ঘণ্টা খোলা ছিল।

রোববার (৩০ মে) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, গ্রাহকদের জরুরি আর্থিক সেবা দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্যবিধি পরিপালন করে সীমিত আকারে আর্থিক প্রতিষ্ঠান কার্যক্রম চালু থাকবে।

এতে বলা হয়েছে, গ্রাহকদের হিসাবে মেয়াদপূর্তিতে স্থায়ী আমানত নগদায়ন, ঋণের কিস্তি জমাদান ইত্যাদি জরুরি আর্থিক সেবা দেওয়ার লক্ষ্যে ২০২১ সালের ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া আর্থিক প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ দুটি শাখা (একটি ঢাকায় ও অপরটি ঢাকার বাইরে) ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে।

জরুরি গ্রাহক সেবা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় জনবলের বিন্যাস ও উপস্থিতির বিষয়টি প্রতিষ্ঠানসমূহ স্বীয় বিবেচনায় সম্পন্ন করবে।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে সার্কুলারে বলা রয়েছে।

বিজনেস নিউজ/এমআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com