October 8, 2026, 5:48 am

রমজানে দ্রব্যমূল্য নিয়ে যা বললেন বাবুনগরী

রমজানে দ্রব্যমূল্য নিয়ে যা বললেন বাবুনগরী

রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে সর্বস্তরের মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী। বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে আল্লামা বাবুনগরী বলেন, মহান আল্লাহ এই মাসে পবিত্র ‘কোরআনুল কারিম’ অবতীর্ণ করার মাধ্যমে এ মাসকে মহিমান্বিত এবং বরকতময় করেছেন। মুসলমানদের আত্মশুদ্ধি লাভের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে রমজানুল মোবারক। আত্মশুদ্ধির জন্য প্রথম করণীয় হলো যাবতীয় পাপ কাজ পরিত্যাগ করে মহান প্রভুর ইবাদতে মনোনিবেশ করা। তাহলেই কেবল এ মাসে সিয়াম সাধনার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জন হবে।

রমজানে চিনি-ভোজ্যতেলসহ অন্যান্য খাদ্যদ্রব্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে আল্লামা বাবুনগরী বলেন, এ মাস একে অন্যের প্রতি সাহায্য-সহানুভূতির মাস। নিত্যপণ্যের দাম চড়া থাকলে সমাজের গরিব, মিসকিন, এতিম, অসহায় ও সাধারণ অনেক রোজাদার চাইলেও মন মতো ইফতার সেহরি করতে পারে না। তাই রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখে রোজাদারদের ইফতার সেহরিতে বিশেষ সহায়তা করুন।

সমাজের গরিব, মিসকিন, এতিম, অসহায় ও সাধারণ মুসলমানদের জন্য ইফতার সামগ্রী বিতরণসহ আনন্দচিত্তে তারাও যেন ইফতার সেহরি করতে পারে সে ব্যবস্থা করতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান হেফাজত আমীর।

তিনি আরও বলেন, করোনাভাইরাস বিস্তার রোধে পুরো দেশ লকডাউন। দোকানপাট, রাস্তাঘাট সব কিছুই বন্ধ। নেই কাজের কোনো উৎস। করোনা আতংকে কার্যতই মানুষ আজ গৃহবন্দী হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে রুজি রোজগার করতে না পেরে খেটে খাওয়া দিনমজুররা খাদ্য সংকটে অসহায় অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

তাই রহমতের মাস রমজানুল মোবারকে করোনায় সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে দুর্দশাগ্রস্ত পরিবারের পাশে খাদ্যদ্রব্য, নগদ অর্থ সহ জরুরি ত্রাণসামগ্রী নিয়ে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com