October 8, 2026, 5:20 am

পল্টন থানায় জিডি করেছেন মামুনুল হকের দ্বিতীয় স্ত্রীর সন্তান

পল্টন থানায় জিডি করেছেন মামুনুল হকের দ্বিতীয় স্ত্রীর সন্তান

হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্না তার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করছেন না। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। শনিবার (১০ এপ্রিল) ঝর্নার সন্ধান চেয়ে পল্টন থানায় সাধারণ ডায়েরি করেছে তার বড় ছেলে আব্দুর রহমান।

জিডির বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ। ওসি বলেন, ‘পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’

জিডিতে ঝর্নার ছেলে উল্লেখ করেছে, গত ৪-৫ দিন ধরে সে ও তার পরিবারের কেউ মায়ের (ঝর্না) সঙ্গে যোগাযোগ করতে পারেনি। তার মোবাইল নম্বরটিও বন্ধ। সর্বশেষ যখন মায়ের সঙ্গে কথা বলেছিল, তখন তার মা তার অবস্থান বলেননি।

জিডিতে উল্লেখ করা হয়, সম্প্রতি আমি আমার মায়ের ঘটনায় ফেসবুকে একটি লাইভ করি। এরপর থেকে আমাকে নানা মহল থেকে ফোন দিয়ে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। আমি আমার জীবনের নিরাপত্তা চাই।

গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করার সময় অবরুদ্ধ হন মামুনুল হক। ওই দিন তিনি পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, সঙ্গে থাকা ওই নারী তার দ্বিতীয় স্ত্রী। দুই বছর আগে তিনি বিয়ে করেছেন। যদিও কয়েকটি ফাঁস হওয়া ফোনালাপের সূত্রে জানা যায়, দ্বিতীয় বিয়ে করার বিষয়টি মামুনুল হকের প্রথম স্ত্রী জানতেন না।

মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্নার দুই সন্তান আবদুর রহমান ও তামিম তাদের বাবার সঙ্গে খুলনায় থাকে। আবদুর রহমান কয়েকদিন আগে ফেসবুক লাইভে এসে মামুনুল হক সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে তার বিচার দাবি করে। পাশাপাশি আবদুর রহমান তার মা-বাবার বিচ্ছেদ ও তাদের পরিবার ধ্বংসের জন্য সরাসরি মামুনুল হককে দায়ী করে।

মামুনুল হক হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক এবং খেলাফত মজলিসের মহাসচিব। রয়েল রিসোর্টে তিনি ঘেরাও থাকা অবস্থায় স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সেখানে ব্যাপক ভাঙচুর করেন। পরে মামুনুল হককে ছিনিয়ে নিয়ে যান তারা।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com