May 2, 2026, 12:13 pm
বেশ খুশি মনে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি করোনা টিকা গ্রহণের খবর জানিয়েছিলেন। কিন্তু সেই খুশি ফিকে হতে সময় লাগে না। এখন অভিমান করে বলছেন, দ্বিতীয় ডোজ টিকা নেবেনই না।
কার ওপর অভিমান?
ভারতে কভিড টিকা পাচ্ছেন ষাটোর্ধ্বরা। আর পাচ্ছেন যাদের কো-মর্বিডিটি রয়েছে, তবে বয়স ৪৫ পেরোতে হবে। এর মধ্যে ৪৪ বছর বয়সী মিথিলা-পতি কীভাবে টিকা পেলেন, তা নিয়ে উঠেছে সমালোচনার ঝড়।
এর জেরেই অভিমান পরিচালকের। এক দফা তো নিয়ে ফেলেছেন। কিন্তু কিছুতেই নেবেন না দ্বিতীয় ডোজটি। তাতে যদি সংক্রমণের আশঙ্কা বাড়ে, তো বাড়ুক।
বুধবার কভিড টিকা নিয়ে ফেইসবুকে একটি ছবি পোস্ট করেন সৃজিত। তার নিচেই বইতে শুরু করে প্রশ্নের বন্যা।
কেউ জানতে চান, ৪৫ বছর বয়সের আগেই তিনি প্রতিষেধক নিলেন কী করে? কেউ আবার জিজ্ঞেস করেন বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা পরিচালকের কাছে কোনো নথি দেখতে চাইলেন না কেন!
এ সব প্রশ্নের মুখে পড়েই সৃজিত পোস্ট সরিয়ে নেন।বদলে একটি নতুন পোস্ট করেন তিনি।
সেখানে জানান, এক বন্ধুর কাছ থেকে জানতে পেরেছিলেন, ৪৪ বছর বয়স পেরোলেই টিকা নেওয়া যাবে। কিন্তু টিকা নেওয়ার পরে বুঝতে পেরেছেন যে, তথ্যটি ভুল ছিল। যদিও তার উচ্চ রক্তচাপ রয়েছে। তবে পোস্টের শেষে অভিমান প্রকাশ করেন সৃজিত।
তিনি লেখেন, এক দফা টিকা নিয়ে পরের ডোজ না নিলে যদি সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়, তবুও আর হাসপাতালমুখী হবেন না। সৃজিতের প্রতিজ্ঞা, টিকার দ্বিতীয় ডোজটি কিছুতেই নেবেন না।
করোনার কারণে গত এক বছরে সৃজিতের কোনো ছবি মুক্তি পায়নি। তবে ওয়েবে ভীষণ ব্যস্ত। শিগগিরই হইচই-এ মুক্তি পাচ্ছে বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিমউদ্দিনের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘এখানে রবীন্দ্রনাথ কখনও খেতে আসেননি’।
বিজনেস নিউজ/এসআর