October 8, 2026, 4:03 am
চাষাবাদের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের কর্মী ভাইদের অনুরোধ করবো এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। কারণ করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী যেকোনো সময় দুর্ভিক্ষ দেখা দিতে পারে। আমাদের দেশের মানুষের যেন কখনও খাদ্য সংকট দেখা না দেয়, আমরা যেন অপরকে সহযোগিতা করতে পারি সে দিকে আমাদের সবাইকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।
রোববার (২১ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
এসসয় তিনি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ১৬ ডিসেম্বর পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সারা দেশে কর্মসূচি নিতে হবে। দরিদ্র মানুষকে সাহায্য করতে হবে।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী বলেন, আবারও নতুনভাবে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
আমি সবাইকে অনুরোধ করবো স্বাস্থ্যবিধি মেনে চলার, এটা খুব প্রয়োজন। কারণ আমরা আমাদের গৃহীত পদক্ষেপে করোনা ভাইরাস যথেষ্ট নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।
নতুনভাবে সারা বিশ্বেই আবার এই করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর ফলে আমরা অর্থনৈতিকভাবে যেন ক্ষতিগ্রস্ত না হই সে দিকে লক্ষ্য রাখতে হবে।
বিজনেস নিউজ/ এসআর