July 11, 2026, 10:14 am

খুলনায় বাটার গোডাউনে আগুন, ক্ষতি ৪ কোটি টাকা

খুলনায় বাটার গোডাউনে আগুন, ক্ষতি ৪ কোটি টাকা

খুলনায় বিশ্বখ্যাত জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাটার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে মহানগরীর মুজগুন্নী নেছারিয়া মাদ্রাসার পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নগরীর বয়রা ও খালিশপুরের ছয়টি ইউনিট এবং স্থানীয় লোকজন প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অন্তত চার কোটি টাকার জুতা ও মূল্যবান মালামাল ভস্মীভূত হয়েছে বলে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির দায়িত্বরতরা দাবি করেছেন। আগামী ঈদুল ফিতরে খুলনা অঞ্চলের ঈদ মার্কেট ধরতে সেখানে ঢাকা থেকে আনা বিপুল পরিমাণ মালামাল সংরক্ষণ করা হয়েছিল।

বয়রা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. সাইদুজ্জামান বলেন, নগরীর বয়রা স্টেশনের চারটি ও খালিশপুরের দুটি ইউনিট একসঙ্গে প্রায় দেড়ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় লোকজন আমাদের ব্যাপক সহায়তা করেছে।

খুলনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. আকরাম হোসেন জানান, বিকেল পৌনে ৫টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ওই এলাকায় ছুটে যান। খুলনা সদর, খালিশপুর ও দৌলতপুরের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। কীভাবে আগুন লেগেছে তা তদন্ত না করে বলা যাবে না।

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে জুতার গোডাউনের ব্যাপক ক্ষতি হয়েছে।

বাটার সেলস ম্যানেজার শেখ মিরাজ হোসেন বলেন, মার্কেটিংয়ের কাজে আমি বাইরে ছিলাম। ডিপো ম্যানেজার মোবাইলের মাধ্যমে জানান ডিপোতে আগুন লেগেছে। এসে দেখি ভয়াবহ অবস্থা। অন্তত ৪ থেকে ৫ কোটি টাকার জুতা পুড়ে শেষ। আগামী ঈদ উপলক্ষে নতুন মডেলের বিপুল পরিমাণ মাল ডিপোতে আনা হয়েছিল।

ডিপো ম্যানেজার মো. আরিফ হোসেন বলেন, কীভাবে আগুন লাগলো বুঝতে পারছি না। প্রায় পাঁচ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খুলনার এই প্রধান ডিপোটি ঢাকা থেকে সরাসরি পরিচালিত হয়।

বিজনেস নিউজ/এসএইচএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com