October 7, 2026, 11:31 pm

শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খোলা যায় কিনা যাচাই করতে বললেন প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খোলা যায় কিনা যাচাই করতে বললেন প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান খুব দ্রুত খুলে দেওয়া যায় কিনা তা যাচাই করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে স্কুল-কলেজ খোলার আগে শিক্ষক-কর্মচারীদের ভ্যাকসিন দিতে হবে বলেও তিনি উল্লেখ করেছেন।

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এই কথা জানান।

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে বৈঠকে সভাপতিত্ব করেন। মন্ত্রিসভার অন্য সদস্যরা সচিবালয় থেকে বৈঠকে অংশ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল খোলার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং তালা ভেঙে হলে ঢুকেও পড়েছে- এ বিষয়ে মন্ত্রিসভায় কোনও আলোচনা হয়েছে কিনা সাংবাদিকরা জানতে চাইলে সচিব বলেন, আলোচনা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খোলা যায় কিনা তা যাচাই করতে বলেছেন প্রধানমন্ত্রী। এর জন্য মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে একটি অন্তঃমন্ত্রণালয় কমিটি হবে। কমিটি আগামী ৫/৬ দিনের মধ্যে বৈঠক করবে।

সচিব জানান, প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে সব শিক্ষক ও কর্মচারীর টিকা নেওয়া নিশ্চিত করতে বলেছেন। এটাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশসহ অন্যান্য বিষয়ে অন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে গত বছর ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। তবে অনলাইনে পাঠদান চলছে।

বিজনেস নিউজ /আরকে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com