May 2, 2026, 6:39 am

করোনায় ২৪% নারী উদ্যোক্তার ব্যবসা বন্ধ

করোনায় ২৪% নারী উদ্যোক্তার ব্যবসা বন্ধ

করোনার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের নারী উদ্যোক্তাদের ওপর। দেশের ২৪ শতাংশ নারী উদ্যোক্তা তাঁদের ব্যবসা বন্ধ করে দিয়েছেন। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গতকাল রবিবার আয়োজিত এক অনুষ্ঠানে বিআইজিডির মেহনাজ রব্বানি এসব তথ্য তুলে ধরেন।

এপ্রিলে এ গবেষণা শুরু হয়। চলে জুন পর্যন্ত। এতে দেখা যায়, এক মাসের মধ্যে ১২১ জন নারী ব্যবসা গুটিয়ে নিয়েছেন। আগামী সাত মাসের মধ্যে এই অবস্থার উন্নতি না হলে কাজ হারানোর ঝুঁকিতে রয়েছেন আরো ৫৫০ জন। এদিকে করোনার মধ্যেও নিজেদের ব্যবসা নিয়ে আশার আলো দেখা নারী উদ্যোক্তার সংখ্যা বেড়েছে। এপ্রিল মাসে এ সংখ্যা ১৫ শতাংশ থাকলেও জুন মাসে এসে তা বেড়ে ২১ শতাংশ হয়েছে। এপ্রিলের চেয়ে জুনে পণ্যের অর্ডার বাতিলের সংখ্যা কমে যাওয়ায় গ্রাহক টানতে ছাড় দেওয়ার প্রবণতা বেড়েছে নারী উদ্যোক্তাদের মধ্যে। এপ্রিলে এই সংখ্যা ১৩ শতাংশ থাকলেও জুনে তা বেড়ে ৩১ শতাংশে পৌঁছে।

গবেষণায় দেখা যায়, নিবন্ধন না থাকায় ৬৫ শতাংশ উদ্যোক্তা সরকার প্রদত্ত প্রণোদনা গ্রহণ করতে পারেননি। এর ফলে ওই উদ্যোক্তাদের মধ্যে ৬৮ শতাংশ নারী তাঁদের সঞ্চয় এবং ২০ শতাংশ নারী উদ্যোক্তা তাঁদের পরিবার ও বন্ধুদের মধ্য থেকে ঋণ সহায়তা নিয়েছেন। গবেষণায় দেখা যায়, কিভাবে সরকারি সহায়তা পাওয়া যাবে, সে বিষয়ে ধারণা নেই ৬৩ শতাংশ নারী উদ্যোক্তার। আর্থিক সংকটের কারণে ব্যবসা নিয়ে উদ্যোক্তাদের একটি বড় অংশ মানসিকভাবে চাপে ছিল।

বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডাব্লিউসিসিআই) প্রতিষ্ঠাতা সভাপতি ও সংসদ সদস্য সেলিমা আহমাদ বলেন, নারী উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এলেও বাংলাদেশ ব্যাংক ঘোষিত প্রণোদনা প্যাকেজের ‘নারী উদ্যোক্তা’র বিষয়ে কিছু বলা হয়নি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com