February 22, 2026, 10:36 pm
সৌদি আরব বাংলাদেশি নাগরিকদের জন্য মোট ১৪ লাখ ভিসা ইস্যু করেছে। দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ রবিবার (২২ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছেন।
ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে বৈঠককালে রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবে চলমান ব্যাপক উন্নয়ন কার্যক্রমের কারণে দক্ষ ও আধা-দক্ষ শ্রমিকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তিনি সৌদি সরকারের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ-সৌদি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, সৌদি আরব বাংলাদেশের বিশ্বস্ত ও দীর্ঘদিনের অংশীদার। তিনি স্মরণ করেন, ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময় সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সূচনা হয়। ১৯৭৭ সালের প্রেসিডেন্ট জিয়ার সৌদি সফরের কথাও তিনি তুলে ধরেন।
রাষ্ট্রদূত বর্তমান সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বিস্তৃত ও সমন্বিত পর্যায়ে উন্নীত করার আগ্রহ প্রকাশ করেন। একই দিনে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গেও সাক্ষাৎ করেন। বৈঠকে সৌদি ভিশন ২০৩০-এর আওতায় সংস্কার উদ্যোগের প্রশংসা করা হয় এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.