February 20, 2026, 10:14 pm
কলম্বোয় টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে বড় অঘটনের জন্ম দিল জিম্বাবুয়ে। শক্তিশালী অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে তারা। শেষ দিকে লড়াই জমলেও ব্লেসিং মুজারাবানির আগুনে বোলিংয়ে ভর করে ম্যাচ বের করে নেয় আফ্রিকার দলটি।
১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। মাত্র ২৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অজিরা। সেখান থেকে গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট রেনশ ৫৯ বলে ৭৭ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান।
তবে ম্যাক্সওয়েল ৩২ বলে ৩১ রান করে বোল্ড হলে আবারও চাপ বাড়ে। এরপর মার্কাস স্টয়নিস ও শন অ্যাবটরা (ডোয়ারসুইশ) দ্রুত বিদায় নিলে জয়ের পথ কঠিন হয়ে যায় অস্ট্রেলিয়ার।
১৯তম ওভারে ব্লেসিং মুজারাবানির বলে রেনশ ফিরলে কার্যত ম্যাচ সেখানেই শেষ। তখন ৮ বলে ৩১ রান দরকার ছিল, হাতে ছিল মাত্র দুই উইকেট। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
জিম্বাবুয়ের হয়ে মুজারাবানি নেন ৪টি উইকেট, ব্র্যাড ইভান্স শিকার করেন ৩টি।
এর আগে ব্যাট করতে নেমে ব্রায়ান বেনেটের অপরাজিত হাফসেঞ্চুরিতে ২ উইকেটে ১৬৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে। ওপেনার বেনেট ৫৬ বলে ৭ বাউন্ডারিতে করেন ৬৪ রান। তাদিওয়ানাশে মারুমানি ২১ বলে ৩৫, রায়ান বার্ল ৩০ বলে ৩৫ রান করেন। শেষ দিকে সিকান্দার রাজা ১৩ বলে অপরাজিত ২৫ রানের ক্যামিও খেলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.