May 31, 2026, 1:19 pm
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শত জুলুম-নির্যাতনের মধ্যেও জনগণ বর্তমান অবৈধ শাসকগোষ্ঠীর পতন ঘটাতে ও ভয়াবহ দুঃশাসন থেকে মুক্তি পেতে রাস্তায় নামতে শুরু করেছে। জনগণের বিজয় হবেই।
রোববার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী দল ও মতের মানুষদের গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করছে নিষ্ঠুর দমননীতি অবলম্বন করে।
ফখরুল বলেন, গণতন্ত্র নিরুদ্দেশ বলেই দেশে মানবতা ও সভ্যতার চিহ্নও ক্রমাগতভাবে মুছে যাচ্ছে। সরকারি মদদে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন বিরোধী দল দমনে লাগামহীন হয়ে পড়েছে।
দেশে ভীতি ও শঙ্কা বিদ্যমান রাখার একমাত্র উদ্দেশ্যই হলো-ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অবৈধ ও স্বেচ্ছাচারী শাসন নিয়ে কেউ যেন প্রতিবাদী হতে সাহস না পায়।
ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহবায়ক ও রাজশাহী এভারগ্রিন ডিগ্রি মডেল কলেজের অধ্যক্ষ বিশিষ্ট সাংবাদিক ড. আবু ইউসুফ সেলিমকে গত ২৯ জুলাই অবস্থান কর্মসূচি থেকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন বিএনপি মহাসচিব।