August 20, 2026, 2:03 am
ওয়েবসাইটে ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের বার্ষিক প্রতিবেদন না থাকায় শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সম্প্রতি কোম্পানি তিনটির ব্যবস্থপনা পরিচালক বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কোম্পানি তিনটি হলো- ইস্টার্ন কেবলস, আমান ফিড ও কে অ্যান্ড কিউ। বিষয়টি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকেও (বিএসইসি) অবহিত করা হয়েছে।
ডিএসইর পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ২০১৮ সালের ২০ জুন জারি করা নির্দেশনার ক্লজ নম্বর ৯ (২) অনুযায়ী এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন, ২০১৫ এর রেগুলেশন ২১ অনুযায়ী আপনার কোম্পানির ওয়েবসাইটে বিস্তারিত আর্থিক বিবরণী প্রকাশ করতে হবে। তবে আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী, চলতি বছরের গত ১২ ডিসেম্বর পর্যন্ত ২০২১ সালের ৩০ জুন (জুলাই ২০২০ থেকে জুন ২০২১) সমাপ্ত হিসাব বছরের বার্ষিক প্রতিবেদন আপনাদের ওয়েবসাইটে আপলোড করা হয়নি। এই বিষয়ে আপনাদের ২৩ ডিসেম্বরের মধ্যে সিকিউরিটিজ আইন যথাযথভাবে পরিপালন না করার বিষয়টি স্পষ্ট করার জন্য অনুরোধ করা যাচ্ছে।