July 21, 2026, 7:58 pm

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করলেন সাকিব

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করলেন সাকিব

বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে মতিঝিলে বাংলাদেশ ব্যাংক গভর্নরের কার্যালয়ে যান তিনি।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সাকিব আল হাসানের সঙ্গে ছিলেন নতুন ব্যাংক খোলার জন্য কেন্দ্রীয় ব্যাংকের সম্মতিপত্র (এলওআই) পাওয়া পিপলস ব্যাংকের প্রস্তাবিত চেয়ারম্যান আবুল কাশেম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাসের।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পাওয়ার অপেক্ষায় থাকা পিপলস ব্যাংকের শেয়ারহোল্ডার হতে যাচ্ছেন সাকিব আল হাসান ও তার মা শিরিন আক্তার। এ বিষয়ে অনাপত্তির আবেদন বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনায় রয়েছে।

এর আগে ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় বেঙ্গল কমার্শিয়াল, সিটিজেনস ও পিপলস নামে নতুন তিনটি ব্যাংকের অনুমোদন দেয়। এর মধ্যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক চলতি বছরের মার্চে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। আর চূড়ান্ত লাইসেন্স পাওয়ার পর কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে সিটিজেনস ব্যাংক। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অনিশ্চয়তায় রয়েছে পিপলস ব্যাংক।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com